২২ বছর পর সিরিজ জয় জিম্বাবুয়ের, ইতিহাসের পাতায় নাসির
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টেস্ট সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। মঙ্গলবার শারজায় দ্বিতীয় টেস্টে আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর এটিই দুই বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ের প্রথম সাফল্য।
ম্যাচে আফগানিস্তানের হয়ে ইতিহাস গড়েছেন অভিষিক্ত নাসির খান। ব্যাট হাতে সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৭ উইকেট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরি ও ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়া চতুর্থ ক্রিকেটার তিনি। এর আগে এ কৃতিত্ব দেখিয়েছিলেন জ্যাক গ্রিগরি, ইয়ান বোথাম ও রবিচন্দ্রন অশ্বিন। তবে নাসিরের অসাধারণ পারফরম্যান্সও দলকে হার থেকে বাঁচাতে পারেনি।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৩৯ রান করে জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেলর করেন সেঞ্চুরি। জবাবে আফগানিস্তান ২১৭ রানে অলআউট হলে প্রথম ইনিংসে ১২২ রানের লিড পায় সফরকারীরা। আফগানদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন আফসার জাজাই। জিম্বাবুয়ের হয়ে ভিনসেন্ট মাসেকেসা ৪টি এবং ব্লেসিং মুজারাবানি ৩টি উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে শুরুতে বিপাকে পড়লেও শেষ দিকে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেলর করেন ৫০ রান। নবম উইকেটে ব্লেসিং মুজারাবানি ও গ্রায়েম ক্রেমার যোগ করেন গুরুত্বপূর্ণ ৯০ রান। মুজারাবানি ৫৯ এবং ক্রেমার অপরাজিত ৫০ রান করেন। ৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। ফলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪১৮ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। একপর্যায়ে ১০৬ রানেই ৫ উইকেট পড়ে যায় তাদের। এরপর আফসার জাজাই ও ইকরাম আলিখিল প্রতিরোধ গড়েন। পঞ্চম দিন ১৪৩ রানে ৫ উইকেট নিয়ে খেলা শুরু করে স্বাগতিকরা। জাজাই ২০২ বলে ৮৭ রান করে আউট হলে আবারও চাপে পড়ে দলটি।
শেষ দিকে নবম উইকেটে নাসির খান ও মোহাম্মদ সেলিম সাফি ৫৯ রানের জুটি গড়েন। সেলিম সাফি ২২ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন নাসির। শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। তবে তার লড়াই সত্ত্বেও ১৩০.৩ ওভারে ৩৬০ রানে অলআউট হয় আফগানিস্তান।
ফলে ৫৭ রানের জয় নিয়ে ১-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে জিম্বাবুয়ে। দীর্ঘ ২২ বছর পর টেস্ট সিরিজ জয়ের আনন্দে মাতে দলটি। অন্যদিকে অভিষেকেই ব্যাট ও বলে বিরল কীর্তি গড়েও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় নাসিরকে।
সবার দেশ/এফও




























