Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫, ৩০ জুন ২০২৬

আপিলে যাচ্ছে প্রসিকিউশন, রায়কে ‘প্রহসন’ বললেন ইনু

ইনুর রায়ে ক্ষুব্ধ প্রসিকিউশন, অসন্তুষ্ট আসামিপক্ষও

ইনুর রায়ে ক্ষুব্ধ প্রসিকিউশন, অসন্তুষ্ট আসামিপক্ষও
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ২ লাখ টাকা ক্ষতিপূরণসহ ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তবে এ রায়ে সন্তুষ্ট নয় কোনও পক্ষই। প্রসিকিউশন সাজা বাড়ানো ও খালাস পাওয়া অভিযোগগুলোর বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। 

অন্যদিকে ইনু ও তার আইনজীবীরা রায়কে ‘প্রহসনের বিচার’ ও ‘ফরমায়েশি রায়’ দাবি করে উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখকে হত্যাসহ আন্দোলন দমন, উসকানি, ষড়যন্ত্র, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে সমর্থন এবং রাজনৈতিক নিপীড়নসহ মানবতাবিরোধী অপরাধের মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ইনুকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বাকি পাঁচটি অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়েছে।

রায় ঘোষণার আগে কারাগার থেকে ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় পাঠ শেষে তাকে হাসতে দেখা যায়। বাংলাদেশ টেলিভিশনে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।

ট্রাইব্যুনালে এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামীম, বি এম সুলতান মাহমুদসহ অন্য প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তারা। আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

৩০ বছরের সাজা হলেও কার্যকর হবে ১০ বছর

রায়ের তৃতীয় অভিযোগে ট্রাইব্যুনাল উল্লেখ করেন, রাজনৈতিক নিপীড়ন, গুরুতর আহত করা এবং নির্যাতনের দায়ে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারায় ইনুকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এ ছাড়া ষষ্ঠ ও সপ্তম অভিযোগে ষড়যন্ত্র, সংঘটিত অপরাধে প্ররোচনা এবং সহযোগিতার দায়ে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা ক্ষতিপূরণসহ পৃথকভাবে আরও ১০ বছর করে মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তবে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন, তিনটি সাজাই যুগপৎভাবে কার্যকর হবে। ফলে মোট ৩০ বছরের সাজা ঘোষিত হলেও ইনুকে কার্যত ১০ বছর কারাভোগ করতে হবে।

যে তিন অভিযোগে দোষী সাব্যস্ত

রায়ের তৃতীয় অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ জুলাই কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের ভিডিও দেখে শনাক্ত, গ্রেফতার, নির্যাতন ও হত্যার নির্দেশ দেন ইনু।

ষষ্ঠ অভিযোগে বলা হয়, ২৯ জুলাই ১৪-দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে তিনি আন্দোলনকারীদের জামায়াত, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক আখ্যা দেন এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে চালানো দমন-পীড়নের বৈধতা দেয়ার চেষ্টা করেন।

সপ্তম অভিযোগে বলা হয়েছে, ৪ আগস্ট বিকেলে আন্দোলনকারীদের জঙ্গি আখ্যা দিয়ে কারফিউ জারি এবং গুলিবর্ষণের কঠোর সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নে অধস্তনদের নির্দেশনা দেয়ার ঘটনায় তার দায় প্রমাণিত হয়েছে।

রায়ের পর যা বললেন ইনু

রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের এজলাশ থেকে সেলে নেয়ার পথে সাংবাদিকদের উদ্দেশে উচ্চস্বরে প্রতিক্রিয়া জানান হাসানুল হক ইনু।

তিনি বলেন, ১৯৭৬ সালে জিয়াউর রহমান সাজা দিয়েছিলো, আজ তার ছেলে সাজা দিলো। প্রহসনের আদালতে তারেক জিয়ার ফরমায়েশি রায়। এটা প্রহসনের বিচার।

একপর্যায়ে তিনি আরও বলেন, যাক, বিড়ম্বনা থেকে মুক্তি হলো।

প্রসিকিউশনের আপিলের ঘোষণা

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, এ রায়ে প্রসিকিউশন সন্তুষ্ট নয়।

তিনি বলেন, যে তিনটি অভিযোগে ১০ বছর করে সাজা দেয়া হয়েছে, সে সাজা বাড়ানোর আবেদন জানানো হবে। পাশাপাশি যেসব অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়েছে, সে খালাসের বিরুদ্ধেও আমরা আপিল করবো।

রায় প্রত্যাখ্যান ইনুর স্ত্রীর

রায়ের পর ক্ষোভ প্রকাশ করেন ইনুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য আফরোজা হক রীনা।

তিনি সাংবাদিকদের বলেন, এটি আইনের নিকৃষ্টতম অপব্যবহার এবং নিকৃষ্টতম অবিচার। আমরা এ রায় প্রত্যাখ্যান করছি। এটি একটি ফরমায়েশি রায়। মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যে মতবাদ, সে মতবাদের প্রতিফলন এ রায়ে ঘটেছে। আইনজীবী ও দলের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

মামলার পটভূমি

গত বছরের ২৫ মার্চ এ মামলার তদন্ত শুরু হয়। প্রায় সাড়ে পাঁচ মাস তদন্ত শেষে ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং সেদিনই তা আমলে নেয়া হয়।

পরে শুনানি শেষে গত বছরের ২ নভেম্বর ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ৩০ নভেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয় এবং ১ ডিসেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১০ জন সাক্ষী সাক্ষ্য দেন। আসামিপক্ষে সাফাই সাক্ষ্য দেন দুইজন। চলতি বছরের ১৩ এপ্রিল যুক্তিতর্ক শুরু হয়ে ১৪ মে শেষ হয়। এরপর আদালত রায় অপেক্ষমাণ রাখেন। পরে ২২ জুন মামলাটি পুনরায় কার্যতালিকায় তুলে ৩০ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।

এ রায়ের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের পাঁচটি মামলার রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ঘোষিত রায়গুলোতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এখন কি ওনাকে ঋণখেলাপি বলতে পারবো মাননীয় স্পিকার?-আসলাম চৌধুরীকে প্রসঙ্গে সংসদে জামায়াত এমপির প্রশ্ন
ইনুর রায়ে ক্ষুব্ধ প্রসিকিউশন, অসন্তুষ্ট আসামিপক্ষও
রোমাঞ্চকর টাইব্রেকারে ডাচদের বিদায়, শেষ ষোলোয় মরক্কো
টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোতে প্যারাগুয়ে
বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়
শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
বিশ্বমানের শিক্ষায় প্রয়োজন উচ্চমানের শিক্ষক ও গবেষণা, ক্যাম্পাস নয়
৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি এনসিপির
সাবেক আওয়ামী এমপির স্ত্রী মৌসুমি কারাগারে
তিস্তা প্রকল্পে ভারতের আপত্তির জবাবে চীনের কড়া বার্তা
কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর
করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা; টিআইএন ছাড়াই খুলবে ব্যাংক হিসাব
শেষ মুর্হূতে ইউস্টাকিওর জাদু, ইতিহাস গড়ে শেষ ষোলোয় কানাডা
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকাতেও লোডশেডিং দিতে হবে: জ্বালানিমন্ত্রী
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়ালো ৪ হাজার
ভারতের ক্ষমা চাওয়া উচিত ছিলো: নাহিদ ইসলাম
ইতালিতে ট্রিপল মার্ডার: মা জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই
ইরানে শিশুহত্যা ও যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে চাইলেন হবে