আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করতে সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
বুধবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট দায়ের করা হয়।
রিটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। পাশাপাশি দলটির নামে পরিচালিত সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে একই দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছিলো।
এদিকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতেও সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেয়া, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে ওই নোটিশে।
গত ১৮ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠান। নোটিশে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি প্রতিরোধের বিষয়গুলো তুলে ধরা হয়। একই সঙ্গে সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখার কথাও উল্লেখ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ওই নোটিশের প্রাপক করা হয়েছে।
রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে নোটিশটি পাঠানো হয়। তবে আইনি নোটিশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কী পদক্ষেপ নেয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
সবার দেশ/এমকেজে




























