Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ২১ এপ্রিল ২০২৬

প্রথম দিনেই বড় অনুপস্থিতি

এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৫৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬

এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৫৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬
ছবি: সংগৃহীত

সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬। তবে প্রথম দিনেই দেখা গেল বড় সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতি। মোট ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জনকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে প্রথম দিনের পরীক্ষা শেষে এসব তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত তথ্যে জানা যায়, এ বছর এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু বাস্তবে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন। অর্থাৎ প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত থাকে।

দেশজুড়ে মোট ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেয়া হয়।

এসএসসি অংশে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে নিবন্ধিত ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ছিলো ১১ হাজার ৮৯০ জন এবং বহিষ্কার করা হয়েছে ২ শিক্ষার্থীকে।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট ২ লাখ ৫৪ হাজার ৯০৩ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় ১১ হাজার ২১১ জন অনুপস্থিত ছিলো। এ বোর্ডে বহিষ্কার করা হয়েছে ৪ জন পরীক্ষার্থীকে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৫৩টি কেন্দ্রে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে ১ লাখ ১৯ হাজার ২৫০ শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন উপস্থিত ছিলো। অনুপস্থিত ছিলো ২ হাজার ৩০৭ জন। এছাড়া অনিয়মের অভিযোগে এক পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

প্রথম দিনের এ পরিসংখ্যান দেখাচ্ছে, পরীক্ষার শুরুতেই বড় সংখ্যক শিক্ষার্থীর অনুপস্থিতি উদ্বেগ তৈরি করেছে সংশ্লিষ্ট মহলে। তবে পরীক্ষা সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান ইরানের
হাসিনার ফেরার গুজবে কোলকাতায় বিপাকে আ.লীগ নেতারা
তুরস্কের উদ্দেশে সস্ত্রীক ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মাদরাসায় ভয়াবহ আগুন, অসুস্থ ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
এনসিপির নারী শক্তির সদস্য সচিব পাইলট ফারিয়াল
হাসিনা ঠেকাতে একাট্টা বিএনপি-জামায়াত-এনসিপি
বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন
যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২
গুগলে বয়স ৩৩, আসলটা জানালেন সাদিয়া
যুদ্ধের কৌশল বদলাচ্ছে ইরান
যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২
ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশনে আতঙ্ক, যাত্রীদের ছোটাছুটি
সাহিত্যের নামে পদক বাণিজ্য: প্রতিবাদের আড়ালে কার স্বার্থ?
পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর