বন্যার ভয়াবহতা বাড়ছে, এইচএসসি পরীক্ষা স্থগিত
টানা ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার। দুই জেলায় প্রায় ১২ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বহু এলাকা বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। দুর্গত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।