আলভীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তিথি
ছোটপর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা’র আত্মহত্যার ঘটনাকে ঘিরে শোবিজ অঙ্গনে তুমুল আলোচনা চলছে। ইকরা’র পরিবার ও ঘনিষ্ঠদের অভিযোগ, সহশিল্পী ইফফাত আর তিথির সঙ্গে আলভীর কথিত সম্পর্কের জেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নেন।
এ ঘটনায় দায়ের করা মামলার অন্যতম অভিযুক্ত অভিনেত্রী ইফফাত আর তিথি সম্প্রতি নেপাল থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরে আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলা গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।
তিথি বলেন, আলভীর সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। কোনও অফিসে যখন আপনি চার-পাঁচ বছর একসঙ্গে কাজ করেন, তখন স্বাভাবিকভাবেই একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে ভালো বন্ধু—এ কথা আমি আগেও বহু সাক্ষাৎকারে বলেছি।
আলভীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ তিনি সরাসরি নাকচ করে দেন। তার দাবি, সহকর্মী হিসেবে ঘনিষ্ঠতা থাকলেও সেটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে।
নেপালে অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে যে সমালোচনা উঠেছে, সে বিষয়েও কথা বলেন তিথি। তিনি বলেন, অনেকে বলছেন, আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ছিলেন—এটা সম্পূর্ণ ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে ২ মার্চ দেশে ফিরেছি।
ইকরা যে দিন আত্মহত্যা করেন, সেদিন দেশে ফেরার চেষ্টা করা হয়েছিলো বলেও জানান তিথি। তার ভাষ্য, যেদিন ইকরা আত্মহত্যা করেন, সেদিনই টিকিটের জন্য অনেক জায়গায় যোগাযোগ করা হয়েছিলো। কিন্তু প্রথম দিন কোনও টিকিট পাওয়া যায়নি। পরের দিন টিকিটের ব্যবস্থা করে আমরা সবাই দেশে ফিরেছি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর বাসা থেকে গলায় দড়ি দেয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে রিজিক নামে এক পুত্রসন্তান রয়েছে।
ঘটনাটি ঘিরে সোশ্যাল মিডিয়া ও শোবিজ অঙ্গনে নানা আলোচনা চললেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সবার দেশ/কেএম




























