যে শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট
ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থি মিত্ররা চাইলে তার নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাদের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটের নেতৃত্ব মেনে নিতে হবে।
রোববার (৮ নভেম্বর) সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর এ অবস্থানের কথা জানান আইজেনকোট। এ বিষয়ে আরজ নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।
আইজেনকোট বলেন, নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের নেতৃত্বাধীন রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি তার সরকারে যোগ দিলে তিনি স্বাগত জানাবেন।
তিনি বলেন, ‘লিকুদ পার্টি ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই মনে করেন, এটি ঐক্যের সময়, যেমনটি তারা প্রেসিডেন্টকে বলেছেন, তাহলে আমার নেতৃত্বাধীন সরকার এবং উপস্থাপিত নীতিগুলোকে সমর্থন না করার কোনও কারণ আমি খুঁজে পাচ্ছি না।
ইসরায়েলের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই প্রভাবশালী অবস্থানে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। প্রায় দুই দশক ধরে বিভিন্ন মেয়াদে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা, লেবানন ও ইরানে সামরিক অভিযান পরিচালনার সময়ও তার নেতৃত্বে ছিলো ইসরায়েল সরকার।
তবে গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর সমর্থন কমে যায়। নির্বাচনের ফলাফলে কোনও পক্ষই সরাসরি সংখ্যাগরিষ্ঠতা দাবি করতে পারেনি। ফলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণ জটিল হয়ে ওঠে।
গত সপ্তাহে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পরামর্শের সময় আইজেনকোটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থনের সুপারিশ জমা পড়ে। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানান ৪৬ জন আইনপ্রণেতা। এ সমর্থনের ভিত্তিতেই আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেয়া হয়।
তবে আইনপ্রণেতাদের সমর্থনের এ হিসাবের মধ্যে ইসরায়েলি আরব আইনপ্রণেতারাও রয়েছেন। নেতানিয়াহু সরকারের নীতির প্রতি অসন্তোষের কারণে এবারের নির্বাচনে আরব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে নেতানিয়াহুর জোটে থাকা কট্টর ডানপন্থি নেতারা প্রকাশ্যেই আরব সম্প্রদায়কে রাজনৈতিক ও সামাজিকভাবে একঘরে করার পক্ষে অবস্থান নিয়েছেন। এ পরিস্থিতিতে আরব আইনপ্রণেতাদের সমর্থন নতুন সরকার গঠনের রাজনৈতিক হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নেতানিয়াহুর দলকে সরকারে যুক্ত হওয়ার সুযোগ দেয়ার কথা বললেও আইজেনকোট স্পষ্ট করে দিয়েছেন, ক্ষমতার নেতৃত্ব নিয়ে কোনও আপস হবে না। অর্থাৎ তার সরকারে যোগ দিতে হলে নেতানিয়াহু ও তার মিত্রদের আইজেনকোটের নেতৃত্ব মেনে নিতে হবে।
সবার দেশ/কেএম




























