Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৫, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:০৭, ২৯ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুকে হটাতে আরব জোটের দিকে বিরোধীরা

নেতানিয়াহুকে হটাতে আরব জোটের দিকে বিরোধীরা
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’। জোটটির এ উদ্যোগে দেশটির সরকার গঠনের সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। তবে চূড়ান্ত ফল ও আসন সমীকরণ স্পষ্ট না হওয়ায় নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ভোট গণনার প্রাথমিক চিত্রে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট এগিয়ে থাকলেও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটও সরকার গঠনের হিসাব মেলানোর চেষ্টা করছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এক বিবৃতিতে জয়েন্ট লিস্টের সংসদীয় ব্লকের প্রধান ও নেসেট সদস্য আহমাদ তিবি বিরোধীদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আরব নাগরিকদের ব্যাপক ভোটার উপস্থিতি জোটটির জন্য ঐতিহাসিক অর্জন। জনগণের ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে তারা রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে নিজেদের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তিবি বলেন, 

নেতানিয়াহু-বেন গভির সরকারকে ক্ষমতাচ্যুত করতে আমরা পরিবর্তনপন্থী জোটের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এ প্রক্রিয়া শুরু হবে নেসেটের স্পিকার আমির ওহানাকে অপসারণের মধ্য দিয়ে।

নেতানিয়াহুর সরকারকে সরিয়ে ক্ষমতার পরিবর্তন আনতে চাওয়া বিরোধী জোটটি ‘চেঞ্জ ব্লক’ নামে পরিচিত। এতে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি, ইয়ার লাপিদের ইয়েশ আতিদ, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস, নাফতালি বেনেটের বি’ইয়াখাদ এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু রয়েছে।

মধ্য ইসরায়েলের তাইবে শহরে বুধবার ভোরে জয়েন্ট লিস্টের সমর্থকদের এক সমাবেশে বক্তব্য দেন আহমাদ তিবি। তার কার্যালয় থেকে প্রকাশিত ভিডিওতে তিনি দাবি করেন, ভোটকেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা এবং ভোটগ্রহণে বাধা দেয়ার চেষ্টা সত্ত্বেও আরব নাগরিকদের কণ্ঠস্বর ছিলো সবচেয়ে জোরালো।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরকে লক্ষ্য করে তিবি বলেন, অপরাধী বেন গভির আর পুলিশের মন্ত্রী থাকবেন না। তার বিদায়ের সময় এসেছে।

ভোট গণনার বিভিন্ন পর্যায়ের প্রতিবেদনে আসনসংখ্যা নিয়ে কিছু পার্থক্য দেখা গেছে। এক হিসাবে নেতানিয়াহুর জোট ৫৩টি এবং বিরোধী জোট ৪৮টি আসনে এগিয়ে ছিলো। অন্যদিকে, পরবর্তী পূর্বাভাসে নেতানিয়াহুর জোটের ৫৪টি এবং বিরোধী জোটের ৪৯টি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। আরব নেতৃত্বাধীন দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা ১৯ হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

এর মধ্যে জয়েন্ট লিস্ট ১২টি এবং ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম সাতটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ভোট গণনা সম্পন্ন ও চূড়ান্ত ফল প্রকাশের আগে এসব আসনসংখ্যাকে নিশ্চিত ফল হিসেবে দেখার সুযোগ নেই।

নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনও পক্ষ নিশ্চিত করতে না পারলে সরকার গঠনে ছোট দল ও সম্ভাব্য জোটসঙ্গীদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে আরব নেতৃত্বাধীন দলগুলোর অবস্থান নেতানিয়াহুবিরোধী শিবিরের সরকার গঠনের প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আনাদোলু এজেন্সি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সিনেমায় এখনই ‘না’ নাজনীন নীহার
ভারতের উপকূল পেরিয়েছে অর্ণব, বাংলাদেশে ৩ নম্বর সংকেত
বিমানবন্দরে দুই যাত্রীর অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট
আরবদের বাদ দিয়ে সরকার গঠনের দাবি ইসরায়েলি নেত্রীর
বাংলাদেশ-জাপান ছয় চুক্তি, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
মিরপুরে উচ্ছেদের পরই ফের দখল, সন্ধ্যায় অভিযান
কানাডার অভিবাসন আইনে পরিবর্তন, উদ্বেগে আবেদনকারীরা
মর্গে মৃত নারীদের ধর্ষণের প্রতিবেদন, সাংবাদিককে হত্যার হুমকি
দেশজুড়ে ভিক্ষাবৃত্তি চক্রের সিন্ডিকেট
নেতানিয়াহুকে হটাতে আরব জোটের দিকে বিরোধীরা
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
ইসরায়েলের ক্ষমতার চাবিকাঠি কি আরব দলগুলোর হাতে?
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি সানিয়া মির্জার
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে বিপর্যস্ত ভারত
ছাত্রদল নেতা খুন: ওসি প্রত্যাহার, তদন্তে ডিবি
হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় সাংবাদিকদের মিলনমেলা
নেতানিয়াহু হেরে গেছেন! কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী?