Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ১৮ নভেম্বর ২০২৬

একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস

শেনজেনে তিন পরাশক্তির নেতার বিরল উপস্থিতি। বৃহস্পতিবার প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি, বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত।

একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস
ছবি: সংগৃহীত

বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। চীনের শেনজেন শহরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনকে কেন্দ্র করে তাদের একই স্থানে উপস্থিতি এবং আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) শেনজেনে জমকালো নৈশভোজের আগে তিন নেতার একসঙ্গে উপস্থিতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রাশিয়ার ক্রেমলিন পুল টিমের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে লালগালিচায় তাদের দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, পারিবারিক ছবি তোলার আগে পুতিন এগিয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পাশে ছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী। ট্রাম্প ও পুতিনের মধ্যে করমর্দনের পাশাপাশি কাঁধে হাত রেখে আন্তরিক অভিবাদন জানানোর দৃশ্যও নজর কেড়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, তিন দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এ ধরনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। এপেক সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে শেনজেনেই বসবে এ গুরুত্বপূর্ণ বৈঠক।

ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত শি জিনপিংয়ের

চীনে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিমানবন্দরের রানওয়েতে স্বাগত জানান শি জিনপিং। শুধু আনুষ্ঠানিক অভ্যর্থনাই নয়, দুই নেতার আলিঙ্গনের দৃশ্যও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিদেশি রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানাতে চীনের প্রেসিডেন্টের ব্যক্তিগতভাবে বিমানবন্দরে উপস্থিত হওয়া এবং এভাবে অভ্যর্থনা জানানো বেশ বিরল ঘটনা বলে সংবাদদাতারা উল্লেখ করেছেন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকেও চীনে স্বাগত জানান শি। তাকে ‘পুরোনো বন্ধু’ হিসেবে উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট। ফলে ট্রাম্প ও পুতিন—দুই নেতাকে ঘিরে শি জিনপিংয়ের কূটনৈতিক তৎপরতা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

পুতিনের জন্য কূটনৈতিক বিজয়?

২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের পর ট্রাম্প ও পুতিনের আর সরাসরি সাক্ষাৎ হয়নি। এবার চীনের মাটিতে শি জিনপিংয়ের উপস্থিতিতে তাঁদের পুনর্মিলন আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

বিবিসির রাশিয়া সম্পাদকীয় পর্যবেক্ষণে উঠে এসেছে, পুতিনের এই সফরকে রাশিয়ার কিছু স্থানীয় সংবাদমাধ্যম ইতিমধ্যে ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে তুলে ধরছে। কারণ, ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ব্যাপক অবনতি হলেও বিশ্বের দুই প্রধান শক্তির নেতার সঙ্গে একই মঞ্চে পুতিনের উপস্থিতি মস্কোর জন্য গুরুত্বপূর্ণ প্রতীকী অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

কী আলোচনা হতে পারে তিন নেতার বৈঠকে?

বৃহস্পতিবারের প্রস্তাবিত ত্রিপক্ষীয় বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইরান পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধ এবং বৃহৎ শক্তিগুলোর মধ্যকার কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে।

বিশেষ করে পারমাণবিক অস্ত্রের বিস্তার ও নিয়ন্ত্রণের বিষয়টি ট্রাম্পের আলোচ্যসূচিতে রয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। তবে বৈঠক থেকে বড় কোনও চুক্তি বা তাৎক্ষণিক সমঝোতা আসবে—এমন প্রত্যাশা কম বলে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে, ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ রয়েছে। ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোকে আলোচনার বাইরে রেখে বিশ্বের তিন প্রভাবশালী নেতা কোনও সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেন কি না, তা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে।

শেনজেনে বিশ্ব কূটনীতির বড় সমাবেশ

দ্রুত বিকাশমান উৎপাদন ও উন্নত প্রযুক্তির কেন্দ্র শেনজেনে এবার এপেক সম্মেলনের আয়োজন করেছে চীন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের এ সম্মেলনকে কেন্দ্র করে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনা চলছে।

চীনে যাওয়ার আগে ট্রাম্প ফিলিপাইন সফর করেন। সেখানে তিনি আঞ্চলিক বিভিন্ন সম্মেলনে অংশ নেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করেন।

বিশ্বের তিন পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানের আসন্ন বৈঠক আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য, নিরাপত্তা ও ভবিষ্যৎ কূটনীতির ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ব।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস
গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম ‘কেনদ্রিক’
নির্বাচনী এলাকায় যেতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর
মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের পিলারের সুরঙ্গে নারীর লাশ