Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:১৯, ১৮ নভেম্বর ২০২৬

সৌদির একাংশ হুতিদের দখলে, চাঞ্চল্যকর দাবি টাকার কার্লসনের

সৌদির একাংশ হুতিদের দখলে, চাঞ্চল্যকর দাবি টাকার কার্লসনের
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের ভূখণ্ডের একটি অংশ দখলে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন রক্ষণশীল সাংবাদিক ও পডকাস্টার টাকার কার্লসন। তার অভিযোগ, সৌদি ভূখণ্ডে হুথিদের উপস্থিতি ও সামরিক তৎপরতার মতো গুরুত্বপূর্ণ ঘটনা মার্কিন গণমাধ্যমে যথাযথভাবে প্রচার করা হচ্ছে না। তবে সৌদি ভূখণ্ডের কোন অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনও তথ্য দেননি।

বুধবার (১৮ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার প্রকাশিত একটি পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সাক্ষাৎকার নেয়ার সময় কার্লসন এসব মন্তব্য করেন। তিনি বলেন, হুতিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য সত্যিকারের হুমকি হয়ে উঠেছে। এমনকি সৌদি আরবের একটি অংশ বর্তমানে তাদের দখলে রয়েছে বলেও দাবি করেন তিনি।

কার্লসনের ভাষায়, 

তারা এ মুহূর্তে সৌদির একটি অংশ দখল করে আছে। বিষয়টি আমেরিকান গণমাধ্যমে প্রচারিত হচ্ছে কি না, তা আমি জানি না। তবে এটি একটি সত্য ঘটনা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ মুহূর্তে সৌদি ভূখণ্ডে কি হুথি বাহিনী রয়েছে? হ্যাঁ, রয়েছে।

তবে সৌদি আরবের কোন অঞ্চল হুতিদের দখলে রয়েছে কিংবা তার এ দাবির পক্ষে কী ধরনের তথ্যপ্রমাণ রয়েছে, তা স্পষ্ট করেননি কার্লসন। বিষয়টি সম্পর্কে তার তথ্যের উৎসও প্রকাশ করেননি তিনি।

উপসাগরীয় নেতাদের সঙ্গে যোগাযোগ কার্লসনের

মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিয়মিত মন্তব্য করা কার্লসনের সঙ্গে আরব উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার যোগাযোগ রয়েছে। গত অক্টোবরের এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছিল, ভূমধ্যসাগরে একটি প্রমোদতরীতে কয়েকজন আরব উপসাগরীয় রাজপরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

সাম্প্রতিক পডকাস্টেও কার্লসন দাবি করেন, চলতি সপ্তাহে উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে তার কথা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকাণ্ডের সমালোচক হিসেবে পরিচিত কার্লসন। তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি নিজের বন্ধু বলে মনে করেন। অন্যদিকে, ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেও সম্প্রতি তার সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে বলে জানিয়েছেন কার্লসন।

সৌদি ভূখণ্ডে হুতিদের অভিযান নিয়ে আগের প্রতিবেদন

এর আগে গত ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছিলো, হুতি বিদ্রোহীরা সৌদি আরবে সামরিক অভিযান চালাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি ছিলো, গত অক্টোবরেই এসব হামলা সংঘটিত হয়। তবে হুথিরা সৌদি ভূখণ্ডের কোনও অংশ এখনও নিয়ন্ত্রণে রেখেছে কি না, সে বিষয়ে ওই প্রতিবেদনে নিশ্চিত কোনো তথ্য দেয়া হয়নি।

ইয়েমেন ও সৌদি আরবের মধ্যকার সীমান্ত অঞ্চল দুর্গম পাহাড় এবং বিস্তীর্ণ মরুভূমিতে ঘেরা। নিরাপত্তাজনিত কারণে ওই অঞ্চলে সাংবাদিকদের প্রবেশও কার্যত নিষিদ্ধ। অতীতের সংঘাতের সময় সীমান্তবর্তী অনেক গ্রাম জনশূন্য হয়ে পড়েছিলো।

বর্তমানে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত সরকার এবং হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত মূলত দেশটির অভ্যন্তরেই কেন্দ্রীভূত। হুথিরা দীর্ঘদিন ধরে দেশটির রাজধানী সানাসহ বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী বন্দরনগরী এডেন।

ঐতিহাসিক ভূখণ্ড নিয়ে হুথিদের দাবি

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার ভূখণ্ডগত বিরোধেরও দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৩৪ সালের তাইফ চুক্তির মাধ্যমে ইয়েমেন আসির, জাজান ও নাজরান—এ তিনটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সৌদি আরবের কাছে ছেড়ে দেয়। হুতি নেতৃত্ব দীর্ঘদিন ধরে এসব অঞ্চলের ওপর নিজেদের দাবি জানিয়ে আসছে।

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশ থেকে হুতি আন্দোলনের উত্থান ঘটে। শিয়া ইসলামের জায়েদি মতাদর্শ অনুসারী এ গোষ্ঠীর নামকরণ করা হয়েছে এর প্রতিষ্ঠাতা হুসেইন বদরুদ্দিন আল-হুতির নামানুসারে। সংগঠনটির জ্যেষ্ঠ নেতাদের অনেকে নিজেদের হাশেমি বংশোদ্ভূত বলে দাবি করেন।

হুতিদের পেছনে ইরান ছাড়াও অন্য শক্তি?

হুথিদের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে কার্লসন ইরানের ভূমিকার বিষয়টিও তুলে ধরেন। তার ধারণা, ইরান হুতিদের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করে থাকলেও এ গোষ্ঠীর পেছনে আরও শক্তিশালী পক্ষের সমর্থন থাকতে পারে।

কার্লসন বলেন, আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, হুতিদের নিয়ন্ত্রণ করছে কারা। আমি মনে করি, তাদের ওপর ইরানের বিশাল প্রভাব রয়েছে। তবে এর পেছনে কি কেবল একটি শক্তিই রয়েছে?

এ বিষয়ে নির্দিষ্ট কোনও দেশের নাম উল্লেখ করেননি তিনি। তবে গত অক্টোবরে ড্রপসাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিলো, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত ইয়েমেনি গোষ্ঠীগুলো হুতিদের গোপনে লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করছিলো।

সৌদি ভূখণ্ডে হুতিদের কথিত দখল, তাদের সামরিক তৎপরতা এবং আঞ্চলিক শক্তিগুলোর সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে কার্লসনের বক্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি করেছে। তবে সৌদি আরবের কোনও ভূখণ্ড বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য এখনও প্রকাশিত হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস
গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম ‘কেনদ্রিক’
নির্বাচনী এলাকায় যেতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর
মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের পিলারের সুরঙ্গে নারীর লাশ