Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৮, ৯ জানুয়ারি ২০২৬

তিন সন্তানের মা এ লেখককে ঘিরে তীব্র বিতর্ক

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন কবি

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন কবি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অভিযানের সময় পুলিশের গুলিতে নিহত ৩৭ বছর বয়সী রেনি গুড ছিলেন একজন কবি, লেখক ও তিন সন্তানের জননী। তার মৃত্যু ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন করে পুলিশি সহিংসতা, নাগরিক অধিকার ও সরকারি বর্ণনার বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

রেনি গুড যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংসের বাসিন্দা ছিলেন। তিনি ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০২০ সালে ‘একাডেমি অব আমেরিকান পোয়েটস’ থেকে একটি আন্ডারগ্র্যাজুয়েট পুরস্কার লাভ করেন। শৌখিন গিটারবাদক রেনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে পরিচয় দিতেন কবি, লেখক, স্ত্রী ও মা হিসেবে। মৃত্যুর পর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি প্রাইভেট করে দেয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যম মিনেসোটা স্টার ট্রিবিউনের তথ্য অনুযায়ী, তিনি তার দ্বিতীয় স্বামী টিম ম্যাকলিনের সঙ্গে একটি পডকাস্ট পরিচালনা করতেন। ম্যাকলিন ২০২৩ সালে মারা যান। তাদের এক ছেলে রয়েছে, যার বয়স বর্তমানে ছয় বছর। প্রথম স্বামীর ঘরে রেনির আরও দুটি সন্তান রয়েছে।

বার্তা সংস্থা এপি জানায়, রেনি একসময় ডেন্টাল সহকারী হিসেবে এবং একটি ক্রেডিট ইউনিয়নেও কাজ করেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি মূলত গৃহিণী হিসেবেই সন্তানদের বড় করছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি কোনো রাজনৈতিক কর্মী ছিলেন না। একজন ঘনিষ্ঠ আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, রেনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ খ্রিষ্টান। তরুণ বয়সে তিনি উত্তর আয়ারল্যান্ডে যুব মিশনেও অংশ নিয়েছিলেন।

ঘটনাটি ঘটে বুধবার স্থানীয় সময় সকালে মিনিয়াপোলিসের পোর্টল্যান্ড অ্যাভিনিউতে। সেখানে আইসিই একটি বড় ধরনের অভিবাসনবিরোধী অভিযান পরিচালনা করছিলো। প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা যায়, রেনি গুড একটি গাড়ির ভেতরে বসে ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি সেখানে একজন ‘লিগ্যাল অবজারভার’ হিসেবে উপস্থিত ছিলেন, যার উদ্দেশ্য ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে কি না, তা নজরে রাখা।

ভিডিওতে দেখা যায়, একজন আইসিই এজেন্ট রেনির গাড়ির দরজা খোলার চেষ্টা করেন। রেনি গাড়িটি সরিয়ে নেয়ার চেষ্টা করলে সামনে থাকা আরেক এজেন্ট খুব কাছ থেকে জানালা দিয়ে পরপর তিনটি গুলি চালান। রেনি মাথায় গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ভিন্ন ব্যাখ্যা দেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে রেনি গুডকে ‘ডোমেস্টিক টেররিস্ট’ ও ‘পেশাদার বিক্ষোভকারী’ হিসেবে আখ্যা দেয়া হয়। তাদের দাবি, রেনি তার গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আইসিই এজেন্টদের ওপর হামলার চেষ্টা করেছিলেন। আইসিই এজেন্টের গুলি চালানোকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হয়।

তবে রেনির পরিবার এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। তার মা ডোনা গ্যাঙ্গার বিবিসিকে বলেন, তার মেয়ে কোনও রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, সংবেদনশীল এবং অহিংস মানুষ। ডোনা গ্যাঙ্গারের মতে, পরিস্থিতির চাপে রেনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন, কিন্তু কাউকে আক্রমণ করার কোনও উদ্দেশ্য তার ছিলো না।

মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আইসিই এজেন্টরা বেপরোয়া আচরণ করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন। মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ ট্রাম্প প্রশাসনের বক্তব্যকে সরাসরি ‘প্রোপাগান্ডা’ হিসেবে আখ্যা দেন।

রেনি গুডের মৃত্যুর পর তার সন্তানদের ভবিষ্যৎ ও পরিবারের সহায়তার জন্য একটি তহবিল খোলা হয়েছে। মাত্র ১০ ঘণ্টার মধ্যেই সেখানে ৩ লাখ ৭০ হাজার ডলারের বেশি অনুদান জমা পড়েছে, যা ঘটনাটি নিয়ে জনমনে ক্ষোভ ও সহমর্মিতার মাত্রা স্পষ্ট করে তুলেছে।

এ মৃত্যু যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান, আইন প্রয়োগকারী সংস্থার আচরণ এবং নাগরিক অধিকারের প্রশ্নে নতুন করে জাতীয় বিতর্ক উসকে দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা