বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
ইনুকে ‘টেনশন না করতে’ বলা দুই কনস্টেবলকে প্রত্যাহার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হিসেবে হাজির হওয়া সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে আদালতে আনা-নেয়ার সময় শৃঙ্খলাবহির্ভূত আচরণের অভিযোগে দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকেও প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ২৯ এপ্রিল ট্রাইব্যুনালের এজলাস থেকে হাজতখানায় আনা-নেয়ার পথে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেন আসামি ইনুর সঙ্গে বিভিন্ন ধরনের শৃঙ্খলাবহির্ভূত আলাপ-আলোচনায় জড়ান। ঘটনাটির ভিডিও ফুটেজ পর্যালোচনায় তাদের আচরণ স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে বলেও উল্লেখ করা হয়।
ট্রাইব্যুনালের ভাষ্য অনুযায়ী, এ ধরনের আচরণ শুধু আদালতের নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং বিচারিক কার্যক্রমের পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট দুই সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আদালতে হাজির করার সময় এক কনস্টেবল সাবেক মন্ত্রী ইনুকে ‘টেনশন না করতে’ বলছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয় এবং ট্রাইব্যুনালের নিরাপত্তা ও পেশাদার আচরণ নিয়ে প্রশ্ন ওঠে।
সবার দেশ/কেএম




























