Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ৩০ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৪৭, ৩০ এপ্রিল ২০২৬

ধর্মীয় সম্প্রীতি ও অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ

ঢাকা-১৭ এর ৫ মন্দিরে প্রধানমন্ত্রীর ৬.৫ কোটি টাকার অনুদান

ঢাকা-১৭ এর ৫ মন্দিরে প্রধানমন্ত্রীর ৬.৫ কোটি টাকার অনুদান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে রাজধানীর ঢাকা-১৭ নির্বাচনী এলাকার পাঁচটি মন্দিরের উন্নয়ন ও সংস্কারের জন্য মোট ৬.৫ কোটি টাকার বিশেষ আর্থিক অনুদান ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় সম্প্রীতি জোরদার, উপাসনালয়ের অবকাঠামো উন্নয়ন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপদ ধর্মীয় পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি প্রকৌশলী আবদুর রহমান সানি এ বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাঁচটি মন্দিরের প্রতিটিকে ১.৩ কোটি টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। এ অর্থ মন্দিরগুলোর সংস্কার, সম্প্রসারণ, নিরাপত্তা ব্যবস্থা আধুনিকীকরণ, ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা সুবিধা বৃদ্ধি এবং আশপাশের অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে।

অনুদান পাওয়া মন্দিরগুলোর মধ্যে রয়েছে মহাখালী বিটিসিএল পাবলিক দুর্গা মন্দির, শ্রী শ্রী শিবকালী মন্দির, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির এবং আইডি হাসপাতাল মন্দির। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আরও একটি মন্দির এ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, যার উন্নয়ন কার্যক্রমও দ্রুত শুরু হবে।

গত ১ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা-১৭ আসনের চারটি মন্দিরের প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর প্রতিনিধির পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়। পরে ২৫ এপ্রিল মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচটি মন্দিরের জন্য মোট ৬.৫ কোটি টাকার বিশেষ সহায়তা তহবিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে পুনরায় ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা সরকারের এ উদ্যোগকে ‘সম্প্রীতির ইতিবাচক বার্তা’ হিসেবে উল্লেখ করেন।

প্রকৌশলী আবদুর রহমান সানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাস করেন। ঢাকা-১৭ এলাকার মন্দিরগুলোর উন্নয়নের মাধ্যমে শুধু ধর্মীয় স্থাপনা নয়, পুরো এলাকার সামাজিক পরিবেশ ও সম্প্রীতির সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অনেক মন্দিরে অবকাঠামোগত সমস্যা, সংকীর্ণ জায়গা, ড্রেনেজ জটিলতা ও নিরাপত্তা ঘাটতি ছিলো। নতুন বরাদ্দের মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব হবে বলে তারা আশা করছেন।

ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নের পাশাপাশি ঢাকা-১৭ আসনের সার্বিক অবকাঠামো উন্নয়নেও বেশ কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর মধ্যে সাততলা বস্তি এলাকার সড়ক সংস্কার ও ড্রেনেজ উন্নয়ন, বিআরপি এলাকার খেলার মাঠ আধুনিকায়ন এবং গুলশান লেকের সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উল্লেখযোগ্য।

স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত কিছু এলাকায় উন্নয়ন কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে বড় অংকের বরাদ্দকে তারা সরকারের আস্থার বার্তা হিসেবে দেখছেন।

সরকারি সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যেই বরাদ্দ পাওয়া মন্দিরগুলোর উন্নয়ন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং ধাপে ধাপে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপে দুর্দান্ত হ্যাটট্রিক
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এখন আরও দুর্বল: ওবামা
পুলিশের পোশাকে ফের পরিবর্তন
পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ
ভিভাটেক ২০২৬: দশক পূর্তির উৎসবে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা
নাইজারের বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৩৫
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে গুঁড়িয়ে দিলো কানাডা
শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি