Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩, ৭ এপ্রিল ২০২৬

রিমান্ড-জামিন দুটোই নামঞ্জুর

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন কারাগারে

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন কারাগারে
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ থানার এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার রিমান্ড ও জামিন আবেদন উভয়ই নামঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন আদালতে দুই দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের সঙ্গে শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত ছিলেন এবং তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশেই মামলার ঘটনাটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় তিনি বিভিন্ন প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তাকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, গ্রেফতার এবং মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এছাড়া, তাকে জামিন দিলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

তবে শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে রাজধানীর ধানমণ্ডি ৮/এ সড়কের বাসা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত