সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন
১৪ পদের মধ্যে ১৩টিতেই বিএনপিপন্থী প্যানেলের জয়
দেশের আইনজীবীদের অন্যতম প্রভাবশালী সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি–এর ২০২৬–২৭ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল)। সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। বাকি একটি সদস্য পদে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামী–সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থী।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা–সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে নীল প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ২ হাজার ৯৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আবদুল বাতেন পেয়েছেন ৭৮৮ ভোট।
সম্পাদক পদেও বড় ব্যবধানে জয় পেয়েছেন নীল প্যানেলের মোহাম্মদ আলী। তিনি পেয়েছেন ২ হাজার ৫৮২ ভোট। অপরদিকে সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।
এছাড়া সহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন নীল প্যানেলের মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ এবং মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
সদস্য পদে সাতজনের মধ্যে ছয়জনই নির্বাচিত হয়েছেন নীল প্যানেল থেকে। তারা হলেন— এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান। সদস্যের অপর একটি পদে জয় পেয়েছেন সবুজ প্যানেলের আজিম উদ্দিন পাটোয়ারী।
দুই দিনব্যাপী এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১৩ ও ১৪ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে, মাঝখানে ছিল এক ঘণ্টার বিরতি। এর আগে গত ২ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
সমিতির এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এবার মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪ হাজার ৪৮ জন আইনজীবী।
যদিও এ নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে নির্দলীয় বলা হয়, বাস্তবে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পরিচয়ভিত্তিক প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। অতীতে সাধারণত বিএনপিপন্থী নীল প্যানেল ও আওয়ামী লীগপন্থী সাদা প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা দেখা গেলেও এবার ভিন্ন চিত্র দেখা যায়।
সমিতির ইতিহাসে এ প্রথম আওয়ামী লীগ–সমর্থিত সাদা প্যানেল নির্বাচনে অংশ নিতে পারেনি। গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
এবারের নির্বাচনে অংশ নেয় বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল), জামায়াতপন্থী আইনজীবী ঐক্য প্যানেল (সবুজ) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সমর্থিত ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের (লাল-সবুজ) প্রার্থীরা। নীল ও সবুজ প্যানেল ১৪টি পদেই প্রার্থী দেয়, আর লাল-সবুজ প্যানেল অংশ নেয় ছয়টি পদে। এছাড়া কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামীপন্থী আইনজীবীদের অনুপস্থিতিতে এবারের নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের শক্ত অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠেছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বাস্তবতারও ইঙ্গিত মিলছে।
সবার দেশ/কেএম




























