Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪, ২৮ জুন ২০২৬

চীনের কারিগরি সহায়তা নিশ্চিত

তিস্তা মহাপরিকল্পনার কাজ চলতি অর্থবছরেই শুরু: পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ চলতি অর্থবছরেই শুরু: পানিসম্পদমন্ত্রী
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরেই বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে প্রকল্পটিতে চীনের কারিগরি সহায়তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বাজেট আলোচনায় পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা, পদ্মা, মেঘনা, যমুনাসহ দেশের প্রায় ৪ হাজার কিলোমিটার নদীভাঙন এলাকার মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। নদীভাঙনে ঘরবাড়ি ও জমিজমা হারিয়ে বহু মানুষ নিঃস্ব হয়ে পড়ছেন। সরকার তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা অনুযায়ী সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করছে।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭ কোটি মানুষের উপকারে পদ্মা ব্যারেজ প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এটি ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। একই সঙ্গে তিস্তা ও ধরলা অববাহিকার প্রায় ২ কোটি মানুষের স্বার্থ বিবেচনায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।

চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দেশটির পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশে নদী ব্যবস্থাপনা উন্নয়নে কারিগরি সহায়তা দিতে চীন সম্মত হয়েছে। ইতোমধ্যে বিশেষজ্ঞ দল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শুরু করেছে।

ভারত থেকে প্রবাহিত ৫৭টি অভিন্ন নদীর পানিপ্রবাহের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ফারাক্কাসহ বিভিন্ন ব্যারেজের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশ ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে তিস্তা, মাথাভাঙ্গা, ইছামতি ও বড়ালসহ বিভিন্ন নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং জলাবদ্ধতা ও লবণাক্ততা বাড়ছে। এ সংকট মোকাবিলায় ব্যাপক খাল পুনঃখননের বিকল্প নেই।

তিনি জানান, সরকার ইতোমধ্যে জরুরি ভিত্তিতে খাল পুনঃখনন কার্যক্রম শুরু করেছে। আগামী দিনে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা প্রয়োজন হলে ২৫ হাজার কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, গত চার মাসে জরুরি ভিত্তিতে প্রায় ৫০০ কিলোমিটার নদীতীর সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। খাল পুনঃখননের মাধ্যমে শুধু পানিপ্রবাহ স্বাভাবিক হবে না, বরং সেচব্যবস্থা, কৃষি উৎপাদন, গ্রামীণ যোগাযোগ এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব ভূমিকা রাখছে। নিজের নির্বাচনী এলাকার এক উপকারভোগীর উদাহরণ দিয়ে তিনি জানান, ওই নারী মাসিক আড়াই হাজার টাকার মধ্যে এক হাজার টাকা চিকিৎসা, এক হাজার টাকা সন্তানের পড়াশোনা এবং বাকি ৫০০ টাকা সঞ্চয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন। এটি সাধারণ মানুষের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনার মানসিকতা তৈরি হওয়ার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষদিকে বিগত সরকারের সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ দমন-পীড়নের শিকার হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আজ স্বাধীন সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে। অতীতের সে পরিস্থিতি দেশে আর ফিরে আসতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য