Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ১৪ জুলাই ২০২৬

দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী

দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যেভাবে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করলে বাংলাদেশ আরও সুন্দর ও সমৃদ্ধ হবে।

সোমবার (১৩ জুলাই) বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একটি নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মাত্র কিছুদিন আগেও দেশের মানুষ ধর্ম-বর্ণ ও দল-মতের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলো। এর আগে মুক্তিযুদ্ধেও দেশের মানুষ একইভাবে একসঙ্গে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলো। সে ঐক্যের শক্তিকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সবাই যদি দেশের জন্য ভালো কাজ করি, তাহলে সে সুফল দেশের প্রতিটি মানুষ ভোগ করবে। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের বা সিটি করপোরেশনের দায়িত্ব নয়। প্রত্যেক নাগরিককে নিজের ঘর, আশপাশ, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ সব জায়গার পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। তিনি বৃক্ষরোপণ দিবসে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণের অঙ্গীকার করার আহ্বান জানান।

সাগরদী খালের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এ খাল শুধু একটি জলাশয় নয়, বরিশালবাসীর গুরুত্বপূর্ণ সম্পদ। এর পরিচর্যার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, খালের দুই পাড়ের বাসিন্দাসহ সবার। খালে প্লাস্টিকের বোতল, পলিথিন, টিস্যুসহ বিভিন্ন ধরনের বর্জ্য না ফেলার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, মানুষ যেনো নির্ধারিত ময়লার পাত্রে বর্জ্য ফেলে, সে বিষয়ে সিটি করপোরেশনকে প্রচারণা চালানোরও পরামর্শ দেন। একই সঙ্গে খালে বাসাবাড়ির বর্জ্য বা পয়োনিষ্কাশনের সংযোগ না রাখার আহ্বান জানিয়ে বলেন, এতে পানি দূষিত হয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি নিজেদের ঘরবাড়ি পরিষ্কার না রাখি, তাহলে যেমন বসবাসের পরিবেশ নষ্ট হয়, তেমনি নিজেদের এলাকা ও দেশ পরিচ্ছন্ন না রাখলেও ক্ষতির শিকার হবো আমরাই। বিদেশের পরিচ্ছন্ন পরিবেশ দেখে আফসোস না করে নিজেদের দেশকে সুন্দর রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করেন।

এসময় উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে গিয়ে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন। বরিশাল সফরের শেষ কর্মসূচি হিসেবে তিনি শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে
বন্যার ভয়াবহতা আরও তীব্র: মৃত বেড়ে ৫১
ব্যাংক হিসাবে হঠাৎ ৭৬০ কোটি রুপি! আতঙ্কে থানায় ছুটলেন গৃহবধূ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
আইএমএফের শর্ত পূরণে বাড়ছে ডলারের দাম
ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করলো ভারত
হাসিনার খাবারে বছরে ব্যয় ৩৫ কোটি টাকা
ইরান যুদ্ধের চাপে টান মার্কিন অস্ত্রভান্ডারে
ইউএস-বাংলায় বড় বিনিয়োগ, যুক্ত হচ্ছে ২১টি নতুন বোয়িং