সরকারি কর্মকর্তাদের বেতন দেয়াও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী
বাংলাদেশ বর্তমানে ‘ধ্বংসস্তূপের’ মধ্যে দাঁড়িয়ে আছে মন্তব্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগের সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা সামাল দিতে ব্যর্থ হলে একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেয়াও কঠিন হয়ে যেতে পারে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,
বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এত ঋণ করে গেছে যে, সরকারি কর্মকর্তাদের বেতন দেয়াটাও কঠিন হয়ে যাবে একদিন। যদি আমরা ঠিকমতো পরিকল্পনা না করি।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করে সামনে এগোতে হলে সঠিক পরিকল্পনার বিকল্প নেই। পরিকল্পনাহীনভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করলে রাষ্ট্রের আর্থিক চাপ আরও বাড়বে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে সরকার একটি বাজেট প্রণয়ন করেছে উল্লেখ করে তিনি বলেন, বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকারের আর্থিক সক্ষমতা বাড়াতে হলে রাজস্ব আহরণ, ব্যয় ব্যবস্থাপনা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আরও সতর্ক হতে হবে। একই সঙ্গে জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাও জরুরি।
এর আগে সিরাজগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য ড্রামট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় তিনি নিজেও একটি ট্রাকে উঠে বসেন।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তার ট্রাকে ওঠা নিয়ে অনেকে চায়ের দোকানে আলোচনা-সমালোচনা করবেন—এটা তিনি জানেন। তবে মানুষকে দেখানোর জন্য তিনি ট্রাকে ওঠেননি।
তিনি বলেন, আজকে থেকে ত্রিশ-চল্লিশ বছর আগে দেখেছি। ঘুম থেকে উঠে দেখেছি, এরকম একটা গাড়ি রাস্তা পরিষ্কার করছে। রাস্তা চকচক করছে—সে উচ্ছ্বাসে আমি ট্রাকে উঠেছি।
পৌরসভার নতুন গাড়িগুলো যথাযথভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, এগুলো জনগণের সম্পদ। তাই এসব যানবাহনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু পৌর কর্তৃপক্ষের নয়, সংশ্লিষ্ট সবার।
তিনি বলেন, পৌরসভার এসব গাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কারণ, সরকারের বাপ-মা জনগণ।
মন্ত্রী বলেন, সরকারি অর্থে কেনা প্রতিটি সম্পদ জনগণের করের টাকায় তৈরি। ফলে এগুলোর সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্ব।
এর আগে শুক্রবার সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
এ সময় তিনি স্থানীয় অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং পৌরসভার সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
সবার দেশ/কেএম




























