Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:২০, ১৮ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে আজ

রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে আজ
ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার (১৮ আগস্ট)। বিকেল ৪টার মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনও প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী আজ বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। সময়সীমা শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে ইসি।

দুই প্রার্থীই বৈধ

রাষ্ট্রপতি পদে এবার দুটি মনোনয়নপত্র জমা পড়েছে। বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন। তার মনোনয়নপত্রের প্রস্তাবক হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

তার মনোনয়নপত্রের প্রস্তাবক হিসেবে রয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমর্থক হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন।

গত রোববার (১৬ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

প্রার্থিতা প্রত্যাহার না হলে ২০ আগস্ট ভোট

নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী সরে না দাঁড়ালে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সংসদ সদস্যরা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ইসি সূত্র জানিয়েছে, সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেয়ার পর প্রত্যেক ভোটার ব্যালটে স্বাক্ষর করে নির্ধারিত তিনটি ব্যালট বাক্সের যেকোনও একটিতে ভোট প্রদান করবেন। ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিকেল ৫টায় ভোট গণনা শুরু হবে।

মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধ ভোট পড়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন, তা ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশন সচিবালয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

পদত্যাগের পর নতুন নির্বাচন

এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার পদত্যাগের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মধ্যে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

আজ বিকেল ৪টার মধ্যে কোনও প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন কি না, সেটিই এখন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কোনও প্রার্থী সরে না দাঁড়ালে ২০ আগস্ট ভোটের মাধ্যমে নির্ধারিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০ এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি পিটিআইয়ের
নারীদের জন্য চালু পিংক বাস, চলবে তিন শহরে
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী
এনবিআরকে বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
ঘুমের মধ্যেই বলিউড অভিনেত্রীর মৃত্যু
ওমানে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের
রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে আজ
বিদেশের মাটিতে রোমাঞ্চকর ১০ টেস্ট জয় বাংলাদেশের
বিভ্রান্তকারীদের অতীত দেখে নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
কাঠমাণ্ডুতে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের ১২৭ যাত্রী
১৮ আগস্ট বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস চালু
যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরানি সেনারা: সেনাপ্রধান
চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা
দুদককে অকার্যকর করে রেখেছে সরকার
বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য