Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৯, ৯ আগস্ট ২০২৬

আপডেট: ২১:২৯, ৯ আগস্ট ২০২৬

২০ আগস্ট ভোট

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
ছবি: সংগৃহীত

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ভিত্তিতেই তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে দলীয় একাধিক সূত্র।

বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রিসভার ওই সদস্য ও বিএনপি নেতা বলেন, দীর্ঘদিন ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম প্রায় নিশ্চিতভাবেই চূড়ান্ত করেছেন বলেও জানান তিনি।

তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থী নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরই ন্যস্ত ছিলো। যদিও তাদের আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম জানানো হয়নি। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা অবশ্য মির্জা ফখরুলের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে রোববার (৯ আগস্ট) সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সদর দফতরে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংসদীয় সমর্থনে বড় ধরনের কোনও পরিবর্তন না হলে বিএনপির মনোনীত প্রার্থীই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন।

নির্বাচন কমিশন ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ভোটের তারিখ নির্ধারণ করেছে। নির্ধারিত দিনে প্রয়োজন হলে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে একাধিক প্রার্থী না থাকলে সংসদে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন বিএনপির এ প্রবীণ নেতা। দীর্ঘদিন দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংকট ও আন্দোলনে তিনি দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে ভূমিকা রেখেছেন।

এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হয়। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবিধান এবং রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সে সাংবিধানিক বাধ্যবাধকতা সামনে রেখেই নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এখন বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা এবং মনোনয়নপত্র দাখিলের পরই রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী ধাপ স্পষ্ট হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হুমকি উপেক্ষা করে মধ্যরাতে উত্তাল চুয়েট
প্রেস ক্লাবের কমিটি, অনুমোদন দিলেন বিএনপির এমপি
রূপপুরে ইউরেনিয়াম জ্বালানি আসছে অক্টোবরে: রোসাটম
গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর, বৈঠকে ইরান
হাফ প্যান্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি, সাড়া ১৬০০ জনের
কাতারের এলএনজি বন্ধ, চাপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান
বরেণ্য সাংবাদিক গাজীউল হাসান খানের জন্মদিন উদযাপন
রাড্ডা ক্লিনিক দখলকারীরাই এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ
আ.লীগের সাবেক এমপির বাসায় ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক
বাংলাদেশি পাটপণ্যে ভারতে সর্বোচ্চ ৪৪৫ ডলার শুল্ক
মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির
তরুণদের হৃদরোগ ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর আহ্বান
জামিন হয়নি এমপি নজরুলের, রিমান্ড শেষে কারাগারে
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফের রিট
নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্টে হাইকোর্টের রুল
চাঁদাবাজি ঠেকাতে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাতের