বিনা খরচে প্রথম বহরে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী
দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে ও স্বচ্ছ প্রক্রিয়ায় আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম বহরের ১০ হাজার কর্মীকে বিমানভাড়াসহ কোনও ধরনের অভিবাসন ব্যয় বহন করতে হবে না। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের মালয়েশিয়ায় পাঠানো হবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকালে দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এজেন্সি বাছাইয়ে নতুন ব্যবস্থা
২০২২ সালের সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সি নির্বাচনের একক এখতিয়ার দেশটির সরকারের হাতে রয়েছে। এ আইনি সীমাবদ্ধতার মধ্যেই বর্তমান সরকার কর্মী পাঠানোর সুযোগ বাড়াতে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মালয়েশিয়ার উচ্চপর্যায়ের যৌথ কমিটির যাচাই-বাছাই শেষে মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি ও সাব-এজেন্সিকে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর সুযোগ দেয়া হয়েছে। এর মধ্যে মালয়েশিয়ার মন্ত্রিসভা অনুমোদিত ২৫টি মূল রিক্রুটিং এজেন্সি এবং একটি সরকারি এজেন্সি রয়েছে।
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে অন্তর্বর্তী সরকারের করা ৪২৩টি এজেন্সির তালিকা থেকে বিতর্কিত প্রতিষ্ঠানগুলো বাদ দিয়ে আরও ৩১২টি এজেন্সিকে সহযোগী হিসেবে যুক্ত করা হয়েছে।
১৬ মেডিক্যাল সেন্টারে শুরু হবে পরীক্ষা
কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ও বিতর্কিত প্রতিষ্ঠানগুলো বাদ দিয়ে প্রাথমিকভাবে ১৬টি অনুমোদিত মেডিক্যাল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। পরে মালয়েশিয়ার তিনটি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে এসব কেন্দ্র সরেজমিন পরিদর্শন করবে। ওই পরিদর্শনের পর মেডিক্যাল সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে।
কর্মীদের নিরাপত্তায় বিশেষ নজর
মালয়েশিয়াগামী কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিমানবন্দরে হয়রানি বন্ধ, নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
কর্মীদের যেকোনও অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালুর উদ্যোগও নেয়া হয়েছে।
দালালদের বিষয়ে সতর্কতা
মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুললেও দালাল ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে যাতে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় না করা হয়, সে বিষয়ে সতর্ক করেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওই বিজ্ঞপ্তি বা মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা প্রকাশের আগে কোনও ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনও মেডিক্যাল টেস্ট না করা এবং কোনও দালাল বা এজেন্সির কাছে পাসপোর্ট জমা না দেয়ার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
সবার দেশ/কেএম




























