১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার চুক্তি আগামী ৭ অক্টোবর ঢাকায় সই হতে যাচ্ছে। চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর র্যাডিসন হোটেলে বুধবার সন্ধ্যায় এ চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করবেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে এবং ছয়টি এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে আন্তর্জাতিক ও আঞ্চলিক—দুই ধরনের রুটেই বিমানের যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছিলেন, বাংলাদেশ ১০টি এয়ারবাস কিনছে। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘আমরা ১০টি এয়ারবাস কিনছি। ইনশাআল্লাহ, অক্টোবরে চুক্তি হবে।’
মন্ত্রী জানান, উড়োজাহাজগুলোর সরবরাহ ২০৩৩ সালে শুরু হতে পারে এবং পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত চলতে পারে। তবে ১০টি এয়ারবাস কেনার মোট বাণিজ্যিক মূল্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
নতুন এয়ারবাস যুক্ত হলে বিমানের বহরে উড়োজাহাজের ধরনে বৈচিত্র্য বাড়বে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেট উড়োজাহাজের বড় অংশই বোয়িংয়ের তৈরি। এয়ারবাসের এ৩৫০-৯০০ ও এ৩২১নিও যুক্ত হলে সংস্থাটি একই সঙ্গে বোয়িং ও এয়ারবাসের উড়োজাহাজ পরিচালনা করবে।
এয়ারবাস কেনার উদ্যোগটি বিমানের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ ও আধুনিকায়ন পরিকল্পনার অংশ। এর আগে বিমান ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছিলো। পরে ওই পরিকল্পনায় আরও ১১টি বোয়িং যুক্ত হওয়ায় মোট ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।
ফলে ১০টি এয়ারবাসের পাশাপাশি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়িত হলে বিমানের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নে বড় পরিবর্তন আসবে। একই সঙ্গে দীর্ঘদিনের বোয়িংনির্ভর ক্রয় পরিকল্পনায় এয়ারবাসও যুক্ত হবে।
সবার দেশ/কেএম




























