Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:০৯, ৬ নভেম্বর ২০২৬

আইএসপিআর এর বার্তা

টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, সেনাসদস্য আহত

টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, সেনাসদস্য আহত
ছবি: সবার দেশ

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। অভিযানে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার এবং পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বার্তায় যৌথ অভিযানের এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, অভিযানের সময় মানবপাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি হয়। এ ঘটনায় সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার এবং ৫৭ জনকে উদ্ধার করা হয়।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হন।

তিনি আরও জানান, অভিযানে অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় ও তাদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মানবপাচারকারী ও সশস্ত্র সন্ত্রাসী চক্রের তৎপরতা রয়েছে। এসব চক্রের সদস্যরা মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করে পাহাড়ি আস্তানায় আটকে রাখে। পরে সুযোগ বুঝে সমুদ্রপথে তাদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করা হয়। এভাবে টেকনাফের বিভিন্ন পাহাড়ে দুই শতাধিক মানুষকে আটকে রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।

আটকে রাখা ব্যক্তিদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করলে পাহাড়ি সন্ত্রাসীরা বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়।

নুরালীপাড়া পাহাড়সংলগ্ন এলাকার বাসিন্দা নাছিমা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই পাহাড়ি এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে শতাধিক মানুষকে আটকে রাখা হয়েছিল। যৌথবাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরীও লেদার পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যমতে, টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকাগুলো দীর্ঘদিন ধরে মানবপাচারকারী ও সশস্ত্র অপরাধী চক্রের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এসব চক্রের সদস্যরা পাচারের শিকার ব্যক্তিদের আটকে রেখে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় এবং সমুদ্রপথে বিদেশে পাঠানোর জন্য চাপ প্রয়োগ করে থাকে। পাহাড়ি দুর্গমতা ও সশস্ত্র অপরাধীদের কারণে এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

বৃহস্পতিবারের অভিযানে তিনজনকে গ্রেফতার ও ৫৭ জনকে উদ্ধারের তথ্য জানিয়েছে আইএসপিআর। তবে পাহাড়ের অন্য আস্তানাগুলোতে আরও কেউ আটকে রয়েছেন কি না, গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে মানবপাচার চক্রের অন্য সদস্যদের সংশ্লিষ্টতা এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী-পুরুষ ও শিশুর সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সিজেএফডির নিন্দা
আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের চরিত্র হননে ব্যস্ত: জামায়াত
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওসির বিরুদ্ধে
বিশ্ব শেয়ারবাজারে বড় ধস, একদিনে কমলো ২.৫ ট্রিলিয়ন ডলার
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, চাঁদপুরে বিএনপির বিক্ষোভ
ইরান থেকে হাজার কিলোমিটার দূরে মার্কিন নৌবাহিনী: তেহরান
বৈশাখী বাসে আগুন দিলো আওয়ামী দুর্বৃত্তরা
যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর
‘ব্যাড টাচের’ শিকার হয়েছিলেন প্রভাও
টেকনাফের পাহাড়ে ৩ লাশ, যৌথ বাহিনীর অভিযান
বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে
৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দিন: প্রধানমন্ত্রী
সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬