Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:১৪, ২৮ অক্টোবর ২০২৬

ক্রসফায়ারে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য বেঠিক: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রসফায়ারে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য বেঠিক: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইজিপির মন্তব্যকে অসতর্কতাবশত দেয়া বক্তব্য উল্লেখ করে তিনি বলেছেন, এমন কথা বলা ঠিক হয়নি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে সরকারের নীতি জিরো টলারেন্স।

সালাহউদ্দিন আহমদ বলেন, 

সরকার তো ক্রসফায়ার চায় না; বরং সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স। উনি (আইজিপি) সহজ-সরল মানুষ। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে অসতর্কতাবশত বলে ফেলেছেন। এটা ঠিক হয়নি, উচিত হয়নি।

তিনি আরও বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা পুলিশ হেফাজতে মৃত্যু কোনোভাবেই সহ্য করবে না। এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এখন পর্যন্ত ক্রসফায়ার বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। পুলিশের দায়িত্ব পালন নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে আখ্যা দেয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আইজিপির এ বক্তব্য নিয়ে মঙ্গলবার দুপুরে প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ক্রসফায়ার নিয়ে পুলিশপ্রধানের মন্তব্য সরকারের জন্য বিব্রতকর।

রিজভী বলেন, 

বিএনপি দীর্ঘদিন ধরে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করেছে। সে দলের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা তাদের ভাবিয়ে তুলছে।

আইজিপির বক্তব্যের পর জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন প্রতিক্রিয়া জানায়। বক্তব্যটি নিয়ে সমালোচনার মুখে সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়।

পুলিশ সদর দফতরের ব্যাখ্যায় বলা হয়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেয়ার অর্থে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি। অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগে কঠোরতা বোঝাতেই তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়।

আইজিপির বক্তব্য, পুলিশ সদর দফতরের ব্যাখ্যা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থানের মধ্য দিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রশ্নটি নতুন করে আলোচনায় এসেছে। সরকারের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ড বরদাশত না করার ঘোষণা দেয়া হলেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বলপ্রয়োগের সীমা এবং জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সিনেমায় এখনই ‘না’ নাজনীন নীহার
ভারতের উপকূল পেরিয়েছে অর্ণব, বাংলাদেশে ৩ নম্বর সংকেত
বিমানবন্দরে দুই যাত্রীর অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট
আরবদের বাদ দিয়ে সরকার গঠনের দাবি ইসরায়েলি নেত্রীর
বাংলাদেশ-জাপান ছয় চুক্তি, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
মিরপুরে উচ্ছেদের পরই ফের দখল, সন্ধ্যায় অভিযান
কানাডার অভিবাসন আইনে পরিবর্তন, উদ্বেগে আবেদনকারীরা
মর্গে মৃত নারীদের ধর্ষণের প্রতিবেদন, সাংবাদিককে হত্যার হুমকি
দেশজুড়ে ভিক্ষাবৃত্তি চক্রের সিন্ডিকেট
নেতানিয়াহুকে হটাতে আরব জোটের দিকে বিরোধীরা
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
ইসরায়েলের ক্ষমতার চাবিকাঠি কি আরব দলগুলোর হাতে?
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি সানিয়া মির্জার
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে বিপর্যস্ত ভারত
ছাত্রদল নেতা খুন: ওসি প্রত্যাহার, তদন্তে ডিবি
হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় সাংবাদিকদের মিলনমেলা
নেতানিয়াহু হেরে গেছেন! কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী?