Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৫, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:২৬, ৬ অক্টোবর ২০২৬

জুলাই সনদ বিএনপির নোট অব ডিসেন্টসহ বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ বিএনপির নোট অব ডিসেন্টসহ বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হয়েছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির নোট অব ডিসেন্টসহ সনদে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে সংশ্লিষ্ট সবার বক্তব্য শোনা হচ্ছে। নোট অব ডিসেন্টসহ যেভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।

সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ যদি এখন দাবি করেন যে নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে, সে অবস্থানে সরকার নেই। কারণ, নোট অব ডিসেন্টসহ সনদে স্বাক্ষরের মাধ্যমে যেসব বিষয় উঠে এসেছে, সেগুলোকে বিবেচনায় রেখেই বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, সনদের সব বিষয়ে ঐকমত্য হয়নি। তবে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেসব বিষয়ে সবাই স্বাক্ষর করেছেন। জাতীয় পর্যায়ের একটি অনুষ্ঠানের মাধ্যমে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে। তাই এটি যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় নিয়ে সংবিধান সংশোধনের অন্যান্য প্রয়োজনীয় বিষয় বাদ দেয়া যাবে না। সংবিধান সংশোধনের ক্ষেত্রে আরও বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে থাকা বিভিন্ন বিষয়, জনগণের বিভিন্ন দাবি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে আসা প্রস্তাবগুলোও বিবেচনায় নেয়া হবে। এসব বিষয় পর্যালোচনা করে সংবিধান সংশোধনের জন্য একটি বিল সংসদে উপস্থাপনের লক্ষ্যে কমিটির পক্ষ থেকে প্রতিবেদন দেয়া হবে।

এদিকে বিশেষ কমিটির বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করা হয়। এতে শহীদদের মা-বাবা, ভাইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মোট ৬৩ জন অংশ নেন।

মতবিনিময়ে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়েছেন বলে জানান কমিটির সভাপতি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই ঘোষণাপত্রে থাকা সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত জায়গায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবও এসেছে। জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষার জন্য ইতোমধ্যে আইন করা হয়েছে। তাদের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সুরক্ষার বিষয়টিও সংবিধানের নির্দিষ্ট জায়গায় অন্তর্ভুক্ত করা হবে।

মতবিনিময়ে জুলাই গণ-অভ্যুত্থানে দায়ীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিও এসেছে বলে জানান তিনি। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার ত্বরান্বিত করতে সরকার আন্তরিক বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় এসব প্রস্তাব ও দাবির যথাযথ প্রতিফলন ঘটানোর বিষয়েও কমিটি কাজ করবে।

সবার দেশ/কেএম