দলীয় কর্মীকে লাথি মেরে বিতর্কে: ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
বিএনপির রাজনৈতিক মিছিলে দলীয় এক কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্কের মুখে পড়ার এক দিন পর তার কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। লাথির শিকার ওই কর্মী শফিকুল ইসলাম শফিক নিজেই এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শফিকুল ইসলাম বলেন, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত মিছিলে এ ঘটনা ঘটে। পরদিন ৮ নভেম্বর প্রতিমন্ত্রী রাজীব আহসান তাকে ফোন করে দুঃখ প্রকাশ করেন।
ঘটনার ব্যাখ্যা দিয়ে শফিক বলেন, মিছিল চলাকালে অনেকেই ছবি তোলার চেষ্টা করছিলেন। এতে মিছিলের শৃঙ্খলা কিছুটা বিঘ্নিত হচ্ছিলো। তাকে লাথি মারার আগে রাজীব আহসান কয়েকবার ছবি তোলা বন্ধ করতে বলেছিলেন বলেও দাবি করেন তিনি।
গত ৮ নভেম্বর সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রতিমন্ত্রী রাজীব আহসানের লাথি মারার ১০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে দল ও সরকারের ভেতরেও অস্বস্তি তৈরি হয়েছে। রাজীব আহসান বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দল ও সরকারের ভেতরে অস্বস্তি
একজন প্রতিমন্ত্রীর এমন আচরণে সরকার ও দলের ভেতরে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রতিমন্ত্রী বলেন,
নিজের দলের একজন কর্মীর সঙ্গে প্রতিমন্ত্রীর এমন আচরণ দল ও সরকার উভয়ের জন্যই বিব্রতকর।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমানও ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, রাজীব আহসানের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত ছিলো না।
নজরুল ইসলাম নোমান বলেন, রাজীব ভাইয়ের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। তিনি একসময় ছাত্রদলের সভাপতি ছিলেন। হয়তো অবচেতনভাবেই এমনটি করেছেন।
এ ঘটনায় রাজীব আহসানের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেয়ার চিন্তাভাবনা চলছে কি না, জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কোনও মন্তব্য করতে রাজি হননি।
কর্মীর বক্তব্যে নেতার পক্ষে সাফাই
লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী শফিকুল ইসলাম শফিক জানান, ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। গত এক দশক ধরে স্বেচ্ছাসেবক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তার দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছিলো।
প্রকাশ্যে লাঞ্ছিত হওয়ার পরও প্রতিমন্ত্রী রাজীব আহসানের সমালোচনা করতে চাননি শফিক। বরং মিছিলে শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যেই প্রতিমন্ত্রী এমন আচরণ করেছিলেন বলে দাবি করেন তিনি।
ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন বলেও জানান শফিক। তার বক্তব্যে প্রতীয়মান হয়, তিনি ঘটনাটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে মিছিলের শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছেন।
ভিডিও নিয়ে বিতর্ক ও সত্যতা যাচাই
গত ৮ নভেম্বর ফেসবুকে ১০ সেকেন্ডের একটি অস্পষ্ট ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। বিএনপিপন্থী কয়েকটি সোশ্যাল মিডিয়ার পেজ থেকে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করা হয়েছি,লো।
তবে ভিডিওটির সত্যতা যাচাইয়ের সময় পেছনে থাকা স্বেচ্ছাসেবক দলের একটি ব্যানার শনাক্ত করা হয়। পরে সংগঠনটির ঢাকা উত্তর ইউনিটের দুই জ্যেষ্ঠ নেতার কাছ থেকেও ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আয়োজিত ওই মিছিলটি নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করেছিলো বিএনপি।
সূত্র: ডেইলি ওয়াদা
সবার দেশ/কেএম




























