২ ট্রাইব্যুনালে চার্জ ২৪ মামলার, বিচার চলমান ২১—মোট আসামি ৪৫৭
এক নজরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের খতিয়ান
দুই ট্রাইব্যুনালে চলমান বিচার কার্যক্রমের সর্বশেষ চিত্রে দেখা গেছে, এখন পর্যন্ত মোট ২৪টি মামলায় ফরমাল চার্জ দাখিল হয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল-১ এ ১৮টি এবং ট্রাইব্যুনাল-২ এ ৬টি মামলা রয়েছে।
বর্তমানে বিচারাধীন রয়েছে ২১টি মামলা। ট্রাইব্যুনাল-১ এ ১৬টি এবং ট্রাইব্যুনাল-২ এ ৫টি মামলার বিচার কার্যক্রম চলমান। এ ছাড়া ইতোমধ্যে ৩টি মামলায় রায় ঘোষণা করা হয়েছে—এর মধ্যে ট্রাইব্যুনাল-১ এ ২টি এবং ট্রাইব্যুনাল-২ এ ১টি।
রায়প্রাপ্ত মামলাগুলোতে মোট ২৬ জন সাজাপ্রাপ্ত হয়েছেন। একজন আসামি ক্ষমাপ্রাপ্ত হয়েছেন। খালাস পেয়েছেন ১ জন এবং বিচারাধীন অবস্থায় ১ জন আসামির মৃত্যু হয়েছে। জামিনে রয়েছেন ১ জন।
চলমান মামলাগুলোতে সর্বমোট আসামির সংখ্যা ৪৫৭ জন। এর মধ্যে দুই ট্রাইব্যুনালে গ্রেফতার আছেন ১৬১ জন। পলাতক রয়েছেন ২৯৩ জন।
গ্রেফতারকৃতদের মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির সংখ্যাও উল্লেখযোগ্য। আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও অন্যান্য বেসামরিক ব্যক্তি মিলিয়ে গ্রেফতার হয়েছেন ৭৪ জন। পুলিশ সদস্য ৬৫ জন, সেনাবাহিনীর সদস্য ২০ জন এবং আনসার সদস্য ১ জন রয়েছেন।
এ ছাড়া বিবিধ মামলার সংখ্যা রয়েছে ৩৪টি। এর মধ্যে ট্রাইব্যুনাল-১ এ ৩২টি এবং ট্রাইব্যুনাল-২ এ ২টি মামলা বিচারাধীন। এসব মামলায় মোট আসামি ২০৭ জন। তাদের মধ্যে ৯৬ জন গ্রেফতার এবং ১২৫ জন পলাতক।
সামগ্রিক চিত্রে দেখা যাচ্ছে, দুই ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম ধাপে ধাপে এগোচ্ছে। একদিকে নতুন চার্জ দাখিল হচ্ছে, অন্যদিকে চলমান মামলাগুলোর শুনানি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব—বিভিন্ন শ্রেণির আসামি এসব মামলায় অন্তর্ভুক্ত রয়েছেন।
সবার দেশ/কেএম




























