Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৫, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:৩৫, ৩ ফেব্রুয়ারি ২০২৬

অর্থ, ক্ষমতা ও অপরাধের অন্ধকার সাম্রাজ্য

কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন?

কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন?
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত যৌন অপরাধীদের একজন জেফ্রি এপস্টেইন। নিজেকে কখনোই ‘যৌন শিকারি’ হিসেবে স্বীকার করেননি তিনি। বরং ২০১১ সালে দেয়া এক সাক্ষাৎকারে এপস্টেইন বলেছিলেন, তিনি একজন ‘অপরাধী’, যেমন একজন খুনি বা রুটি চোর—তাদের মধ্যে পার্থক্য খুব বেশি নয়। কিন্তু বাস্তবতা ছিলো আরও ভয়াবহ।

২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে আটক অবস্থায় তার মৃত্যু হয়। তখন তিনি অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচারের গুরুতর অভিযোগে বিচার শুরুর অপেক্ষায় ছিলেন। আদালত তাকে জামিন দেয়নি। তার মৃত্যুর মধ্য দিয়ে সে বিচার আর কখনও শুরু হয়নি।

এরও এক দশকের বেশি সময় আগে অপ্রাপ্তবয়স্কের কাছ থেকে যৌনসেবা নেয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করেছিলেন এপস্টেইন। সে সময় তাকে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত করা হয়। পরে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে—অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে তিনি একটি বিস্তৃত যৌন নিপীড়ন নেটওয়ার্ক পরিচালনা করতেন। এসব অভিযোগও তিনি বরাবরের মতো অস্বীকার করেছিলেন।

এপস্টেইন ফাইলস নিয়ে নতুন বিতর্ক

২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষ বিপুল ভোটে ‘এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’ অনুমোদন করে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইনে সই করে বিচার বিভাগকে এপস্টেইন–সংক্রান্ত সব তদন্ত নথি প্রকাশের নির্দেশ দেন।

নির্ধারিত সময়ে কিছু নথি প্রকাশ করা হলেও বড় একটি অংশ তখনও গোপন রাখা হয়। পরবর্তী সপ্তাহগুলোতে ধাপে ধাপে আরও নথি প্রকাশ করা হলেও পুরো নথিভাণ্ডার উন্মুক্ত হয়েছে কি না—তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ ৩০ জানুয়ারি প্রকাশিত একটি নথিকে তদন্তসংক্রান্ত পর্যালোচনা প্রক্রিয়ার ‘সমাপ্তি’ বলে দাবি করেন। তবে বিরোধী ডেমোক্র্যাটসহ বিভিন্ন মহলের অভিযোগ—যথাযথ ব্যাখ্যা ছাড়াই বহু গুরুত্বপূর্ণ নথি এখনও প্রকাশ করা হয়নি।

প্রকাশিত নথিগুলোতে এপস্টেইনের বিলাসী জীবনযাপন, ব্যক্তিগত বিমান, ব্যক্তিগত দ্বীপ এবং বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের নানা তথ্য উঠে এসেছে।

শিক্ষকতা থেকে ওয়াল স্ট্রিটে উত্থান

নিউইয়র্কে জন্ম ও বেড়ে ওঠা জেফ্রি এপস্টেইন ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে শহরের অভিজাত ডালটন স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞান পড়াতেন। বিশ্ববিদ্যালয়ে এসব বিষয়ে পড়াশোনা করলেও তিনি স্নাতক ডিগ্রি শেষ করেননি।

এক শিক্ষার্থীর বাবার মাধ্যমে ওয়াল স্ট্রিটের বিনিয়োগ ব্যাংক বেয়ার স্টার্নসের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে তার পরিচয় হয়। মাত্র চার বছরের মধ্যেই তিনি ওই প্রতিষ্ঠানের অংশীদার হন। ১৯৮২ সালে তিনি ‘জে এপস্টেইন অ্যান্ড কো’ নামে নিজস্ব বিনিয়োগ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

একসময় তার প্রতিষ্ঠান এক বিলিয়ন ডলারের বেশি সম্পদ পরিচালনা করত বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিপুল সম্পদের জোরে ফ্লোরিডায় প্রাসাদসম বাড়ি, নিউ মেক্সিকোতে র‍্যাঞ্চ এবং নিউইয়র্কে বিলাসবহুল বাসভবনের মালিক হন তিনি।

প্রভাবশালী মহল ও বিতর্কিত সম্পর্ক

২০০২ সালে নিউইয়র্ক ম্যাগাজিনে প্রকাশিত এক প্রোফাইলে ডোনাল্ড ট্রাম্প এপস্টেইনকে ‘দারুণ মানুষ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এপস্টেইন তার মতোই সুন্দরী নারীদের পছন্দ করেন, যাদের অনেকেই তুলনামূলক কম বয়সী।

পরে ট্রাম্প দাবি করেন, ২০০০-এর দশকের শুরুতেই এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়। হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, কর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে এপস্টেইনকে ট্রাম্প তার ক্লাব থেকে বের করে দিয়েছিলেন।

এপস্টেইনের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, অভিনেতা কেভিন স্পেসি ও ক্রিস টাকারের যোগাযোগের তথ্যও বিভিন্ন নথিতে উঠে আসে। ২০০৩ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ৩ কোটি ডলার অনুদান দেন।

যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনীতিক পিটার ম্যান্ডেলসনের সঙ্গেও এপস্টেইনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। পরবর্তীতে ম্যান্ডেলসন এ সম্পর্ককে নিজের জীবনের বড় অনুতাপ বলে স্বীকার করেন। ওই সম্পর্কের জেরে ২০২৫ সালে তিনি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের পদ হারান এবং পরে লেবার পার্টি থেকেও পদত্যাগ করেন।

ফ্লোরিডা মামলা ও বিতর্কিত সমঝোতা

২০০৫ সালে ফ্লোরিডায় এক ১৪ বছর বয়সী মেয়ের পরিবার অভিযোগ করে, এপস্টেইন তাদের মেয়েকে নিজের পাম বিচের বাড়িতে যৌন নিপীড়ন করেছেন। পুলিশ তল্লাশি চালিয়ে বাড়ির বিভিন্ন স্থানে অসংখ্য মেয়ের ছবি উদ্ধার করে।

পরবর্তীতে সংবাদমাধ্যম জানায়, বহু বছর ধরে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন এপস্টেইন। পাম বিচ পুলিশের তৎকালীন প্রধান জানান, অভিযোগকারীদের বক্তব্যে বিস্তর মিল পাওয়া গেছে।

তবে ২০০৮ সালে প্রসিকিউটরদের সঙ্গে একটি সমঝোতা চুক্তির মাধ্যমে এপস্টেইন ফেডারেল অভিযোগ এড়িয়ে যান। সম্ভাব্য যাবজ্জীবন কারাদণ্ডের বদলে তাকে ১৮ মাসের সাজা দেয়া হয়, যার সময় তিনি সপ্তাহে ছয় দিন অফিসে যাওয়ার সুযোগ পান। ১৩ মাস পর তাকে প্রবেশনে মুক্তি দেয়া হয়।

এ সমঝোতাকে পরবর্তীতে বহু প্রতিবেদনে ‘শতাব্দীর চুক্তি’ বলে আখ্যা দেয়া হয়।

প্রিন্স অ্যান্ড্রু বিতর্ক

২০১০ সালে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে এপস্টেইনের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর একটি ছবি প্রকাশ পেলে নতুন করে বিতর্ক শুরু হয়।

এপস্টেইনের এক অভিযোগকারী ভার্জিনিয়া জিউফ্রে দাবি করেন, ১৭ বছর বয়সে তাকে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌনসম্পর্কে বাধ্য করা হয়েছিল। প্রিন্স অ্যান্ড্রু অভিযোগ অস্বীকার করলেও ২০২২ সালে ওই মামলায় আর্থিক সমঝোতায় পৌঁছান।

গ্রেফতার, মৃত্যু ও অসমাপ্ত বিচার

২০১৯ সালের ৬ জুলাই প্যারিস থেকে নিউইয়র্কে ফেরার পর এপস্টেইনকে গ্রেফতার করা হয়। জামিন না পেয়ে তাকে মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে রাখা হয়। ১০ আগস্ট তার মৃত্যু হয় কারাগার কক্ষে।

এর পর তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলকে গ্রেফতার করা হয়। ২০২১ সালে আদালত তাকে অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচারে সহায়তার দায়ে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দেন।

এপস্টেইনের মৃত্যুর মাধ্যমে একটি মামলার আইনি অধ্যায় শেষ হলেও, তার অপরাধ, যোগাযোগ এবং বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে বিতর্ক এখনও যুক্তরাষ্ট্রের রাজনীতি ও সমাজে গভীর আলোচনার বিষয় হয়ে আছে।

সূত্র: বিবিসি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি