Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২৬

শর্ত মেনে নিয়েছে আইসিসি, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

শর্ত মেনে নিয়েছে আইসিসি, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
ছবি: সংগৃহীত

পাকিস্তান তার আগের বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি জানিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দেশনায়েকের সঙ্গে টেলিফোন আলাপ এবং বিসিবির চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুলের অনুরোধের পর পাকিস্তান তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে।

এর আগে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে এ ম্যাচটি বয়কটের ঘোষণা দিয়েছিলো। পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছিলেন, পাকিস্তান বিশ্বকাপে খেলবে তবে ভারতের বিরুদ্ধে ম্যাচটি তারা বয়কট করবে। টি- টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে না দিয়ে ভারতের প্রভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে সিদ্ধান্ত নিয়েছিলো তারই প্রতিবাদে পাকিস্তান বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানিয়েছিলো। কিন্তু এখন নিজেদের সে কঠোর অবস্থান থেকে পাকিস্তান সরে দাড়িয়েছে।

জিও টিভি জানাচ্ছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দেশনায়েকের সঙ্গে টেলিফোন আলাপ শেষে পাকিস্তান সরকার এ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত বদল করেছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট টেলিফোনে পাকিস্তান প্রধানমন্ত্রীকে ভারতের বিরুদ্ধে এ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানান। দুই দেশের শীর্ষনেতার মধ্যকার এ টেলিফোন আলোচনা খুবই ইতিবাচক হয়েছে বলে পাকিস্তান প্রধানমন্ত্রীর অফিসের বিবৃতিতে জানানো হয়।

ফোনালাপে দুই নেতা পাকিস্তান–ভারত টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে আলোচনা করেন। এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরোধ জানান, ম্যাচটি শ্রীলঙ্কায় আয়োজন করে পাকিস্তান যেন ভারতের বিপক্ষে খেলে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদের কঠিন সময়ে পাকিস্তান শ্রীলঙ্কার ক্রিকেটকে সর্বাত্মক সমর্থন দিয়েছিলো। দীর্ঘদিনের সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাকিস্তান দল সে সময় শ্রীলঙ্কায় সফর অব্যাহত রেখেছিলো। তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক সবকিছুর ঊর্ধ্বে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শ্রীলঙ্কার প্রেসিডেন্টের এ অনুভূতিকে স্বাগত জানান। তিনি বলেন, কঠিন সময়ে শ্রীলঙ্কাও পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং সে সমর্থনের মধ্যেই পাকিস্তানে ক্রিকেট অব্যাহত ছিলো।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, সম্প্রতি শ্রীলঙ্কা দল পাকিস্তান সফর বাতিল না করে পাকিস্তানি জাতি ও ক্রিকেটভক্তদের জন্য এক অবিস্মরণীয় উদাহরণ স্থাপন করেছে।

তিনি জানান, পাকিস্তান–ভারত ম্যাচ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে জানানো হবে।

বিসিবির চাওয়া পূরণ করলো আইসিসি

কেবলমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপটাই খেলা হলো না বাংলাদেশের–একটা আফসোস হয়তো দীর্ঘ দিন থেকে যাবে ক্রিকেটার এবং ভক্তদের। এ ইস্যুতে গত কয়েক দিন ধরেই অস্থিরতা ছিল ক্রিকেট দুনিয়ায়, গড়িয়েছে অনেক জল। বাংলাদেশের সমর্থনে পাশে দাঁড়িয়েছিলো পাকিস্তান। শেষ পর্যন্ত দ্বিমুখী চাপে বাংলাদেশের সব চাওয়া পূরণ করলো আইসিসি।

শেষ পর্যন্ত সৃষ্ট জট ছুটলো গত পরশু লাহোরের বৈঠকে। পাকিস্তান খেলবে ভারতের বিপক্ষে। অনেক দিন পর ক্রিকেটে ভারতকে চাপে ফেলতে পেরে খুশি পাকিস্তান। জয় হলো ভারতের ইগোরও, তারা বাংলাদেশের দাবি অনুযায়ী ভেন্যু পরিবর্তন করেনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একেবারে শূন্য হাতে নেই। তাদের কোনও শাস্তি বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না। 

আইসিসি বাংলাদেশের পাওনা টাকা দেবে। বিশ্বকাপের লাভের ভাগও দেবে। ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসির ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে। আসলে ক্রিকেটে ভারতের মতো মোড়লকে অস্বস্তিদায়ক পরিস্থিতিতে ফেলতে পেরে বাংলাদেশ-পাকিস্তান—উভয়েই নিজেদের নৈতিক জয় খুঁজে নিচ্ছে। শুধু আফসোসটা রয়ে গেলো বর্তমান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের—রাজনীতির বলি হয়ে লিটনদের জীবন থেকে হারিয়ে গেলো একটা আইসিসির ইভেন্ট।

বিসিবির ওপর কোনো শাস্তি নয়

এদিকে সোমবার রাতে এক বিবৃতিতে আইসিসি নিশ্চিত করেছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে আলোচনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর কোনও আর্থিক, ক্রীড়া বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না।

আইসিসির বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎসহ বিভিন্ন বিষয় নিয়ে এ সংলাপ হয়েছে। টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দুর্ভাগ্যজনক হলেও বিসিবি একটি পূর্ণ সদস্য হিসেবে আইসিসির কাছে মূল্যবান এবং বৈশ্বিক ক্রিকেটের বিকাশে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ—এ বিষয়টি পুনর্ব্যক্ত করেছে আইসিসি।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান আইসিসি বিধিমালা অনুযায়ী বিসিবি চাইলে ডিসপিউট রেজোলিউশন কমিটি (ডিআরসি)–এর শরণাপন্ন হওয়ার অধিকার সংরক্ষণ করে। এ অধিকার বহাল থাকবে।

আইসিসি জানায়, তাদের অবস্থান নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতার নীতিতে পরিচালিত এবং শাস্তির বদলে সহায়তামূলক সমাধানই তাদের লক্ষ্য।

এ সমঝোতার অংশ হিসেবে সিদ্ধান্ত হয়েছে, আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০৩১–এর আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে—যা আইসিসির স্বাভাবিক আয়োজক প্রক্রিয়া, সময়সূচি ও পরিচালনাগত শর্ত সাপেক্ষে কার্যকর হবে।

আইসিসি বলেছে, বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশ যে আয়োজক হিসেবে সক্ষম—এ বিষয়ে তাদের আস্থা আছে। তাছাড়া এ আয়োজনের প্রেক্ষিতে সদস্য দেশগুলোর মধ্যে ক্রিকেট উন্নয়নের সুযোগ বিস্তারে আইসিসির অঙ্গীকার আরও জোরালো হবে।

আইসিসি, পিসিবি ও বিসিবিসহ সংশ্লিষ্ট সব পক্ষ ক্রিকেটের স্বার্থে সংলাপ, সহযোগিতা ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্রিকেট পরিবারে ঐক্য বজায় রাখা এবং খেলাটির মর্যাদা রক্ষাই এ বোঝাপড়ার মূল লক্ষ্য বলে উল্লেখ করা হয়।

আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা বলেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক, তবে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট জাতি হিসেবে আইসিসির যে দৃষ্টিভঙ্গি রয়েছে তাতে কোনও বদল আসবে না।

তিনি আরও বলেন, বিসিবিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বাংলাদেশে ক্রিকেটের টেকসই উন্নয়ন এবং খেলোয়াড় ও সমর্থকদের ভবিষ্যৎ সুযোগ আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।

পাকিস্তানকে ম্যাচ খেলার অনুরোধ বিসিবির

এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আলাদা এক বিবৃতিতে পাকিস্তানকে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলতে অনুরোধ জানিযেছেন। পাকিস্তান সফর শেষে তিনি পিসিবি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিসিবির দেয়া সোমবার রাতে সে বিবৃতিতে বলা হয়, পিসিবি চেয়ারম্যান মোহসিন রাজা নকভি, তার বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেটভক্তদের প্রতি বিসিবির আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ক্রিকেটের সঙ্কটের সময় পিসিবি অসাধারণ ক্রীড়াসুলভ আচরণ ও সংহতির দৃষ্টান্ত স্থাপন করেছে। আইসিসির সঙ্গে চলমান সংকটে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানের প্রতি ঢাকা কৃতজ্ঞতা প্রকাশ করছে।

তিনি বলেন, আমার এবারের সংক্ষিপ্ত পাকিস্তান সফর এবং আলোচনার সম্ভাব্য ইতিবাচক ফলাফলের প্রেক্ষিতে পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে আমি পাকিস্তানকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি খেলার অনুরোধ জানাচ্ছি।

এর আগে পিসিবি, আইসিসি ও বিসিবির মধ্যে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান নকভি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।

সূত্র জানায়, বৈঠকে আইসিসি বাংলাদেশের দাবির প্রতি ইতিবাচক সাড়া দেয় এবং বিসিবির অভিযোগ নিষ্পত্তির একটি সমাধান–সূত্র তৈরি করা হয়েছে। প্রস্তাব বিনিময়ের সময় পিসিবি সমন্বয়কের ভূমিকা পালন করে।

আইসিসির ডেপুটি চেয়ারম্যান খাজা চূড়ান্ত অনুমোদনের জন্য সদর দফতরে ফিরে গেছেন এবং বিসিবি সভাপতি ইসলাম ঢাকায় ফিরে বোর্ডকে অবহিত করবেন। সূত্রগুলো জানায়, প্রস্তাব চূড়ান্ত হলে মঙ্গলবার বিকেলে আইসিসি ও বিসিবি কর্মকর্তারা পুনরায় আলোচনায় বসে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদের প্রার্থিতা স্থগিতের রিট
শর্ত মেনে নিয়েছে আইসিসি, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
আজ সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ
নির্ধারিত সময়েই পে-স্কেল বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেবো
প্রায় সব উপদেষ্টা সম্পদের হিসাব জমা দিয়েছেন, শিগগিরই প্রকাশ
সব প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিলের নির্দেশ
দাঁড়িপাল্লার পক্ষে প্রচার করায় সাইবার বুলিংয়ের শিকার ডা. মিতু
যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্রেড চুক্তি, শুল্ক আরও কমলো
নারী নির্যাতন ও ভয়ভীতি ছড়িয়ে নির্বাচন প্রভাবিতের অভিযোগ এনসিপির
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা
বিএনপি জনগণকে রেখে চলে যায়নি: তারেক রহমান
ভোটকেন্দ্রে মোবাইল সবার জন্য উম্মুক্ত, বুথে ছবি তোলা নিষিদ্ধ: ইসি
পরিবর্তন এলে অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির
অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস ইসির
নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ৪ কর্মী আহত
সন্ধ্যার মধ্যে ফোন নিষেধাজ্ঞা না তুললে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
ফ্যাসিস্টের দোসর বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ