Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

মোতায়েন লাখো আইনশৃঙ্খলা বাহিনী

ভোটের আগে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা

ভোটের আগে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। ভোটের আর মাত্র একদিন বাকি থাকায় সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। টহল জোরদার, যানবাহন তল্লাশি, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং চিহ্নিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর প্রবেশপথে তল্লাশিচৌকি বসানো হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়ছে। মঙ্গলবার বিকেলে বঙ্গবাজার, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর টহল ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নির্বাচনকে ঘিরে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে স্ট্রাইকিং ফোর্স, বাইরে থাকবে মোবাইল টিম এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে অতিরিক্ত বাহিনী। কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব দ্রুত সেখানে পৌঁছাবে। এ জন্য আন্তঃবাহিনী সমন্বয় জোরদার করা হয়েছে।

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, এবারের নির্বাচন পুলিশের জন্য জনআস্থা পুনরুদ্ধারের বড় সুযোগ। দেশের ইতিহাসের সবচেয়ে নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

আজ সকাল থেকেই দেশের সব ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রায় ২৪ হাজার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নজরদারি থাকবে। এসব কেন্দ্রে একজন করে পুলিশ সদস্য বডিওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। দুপুরের মধ্যেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন শেষ করার কথা রয়েছে।

সারাদেশে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য ও প্রায় ৫ লাখ ৫০ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া র‌্যাবের ৮ হাজার ও সেনাবাহিনীর ১ লাখ সদস্য মোতায়েন রয়েছে। উপকূলীয় এলাকায় ৫ হাজার নৌবাহিনী ও ৩ হাজার ৫০০ কোস্টগার্ড সদস্য এবং সীমান্তে ৩৭ হাজার ৪৫৩ বিজিবি সদস্য নিরাপত্তা জোরদার করেছেন। রাজধানীতে পুলিশের ৫১০টি মোবাইল টিম টহল দিচ্ছে।

ভোটের মাঠে এবার এক হাজার ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। দুর্গম ও পাহাড়ি এলাকায় ব্যালট ও নির্বাচনী কর্মকর্তা পৌঁছাতে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। বোম্ব ডিসপোজাল টিমও সতর্ক রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অপতথ্য রোধে বিটিআরসি, এনটিএমসি ও আইসিটি বিভাগ নজরদারি চালাচ্ছে। র‌্যাব ও পুলিশের সাইবার টিম নিয়মিত তদারকি করছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত বিশেষ টিম গঠন করা হয়েছে।

এবারই প্রথম ২৫ হাজার ৫০০ বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে ১৫ হাজার ক্যামেরা অনলাইনে লাইভ স্ট্রিমিং এবং ১০ হাজার অফলাইনে ব্যবহৃত হবে। দেশের প্রতিটি থানায় একটি করে ডক স্টেশন বসানো হয়েছে, যেখান থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ের ক্যামেরা নজরদারি করবেন। পুলিশ সদর দফতরের কমান্ড সেন্টার থেকে সার্বিক তদারকি করা হবে। এ উদ্দেশ্যে সারাদেশে ৭২০টি ইউজার প্ল্যাটফর্ম স্থাপন করা হয়েছে।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত সারাদেশে ১২ লাখ ৫ হাজার ৫২০টি চেকপোস্টে তল্লাশি চালানো হয়েছে। তল্লাশিতে ১৯ লাখ ৫৪ হাজার গাড়ি ও ১৮ লাখ ২৮ হাজার মোটরসাইকেল পরীক্ষা করা হয়। উদ্ধার করা হয়েছে ৮৮৬টি আগ্নেয়াস্ত্র এবং গ্রেপ্তার করা হয়েছে ৮১ হাজার জনকে।

সংশ্লিষ্টরা বলছেন, ভোটের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা