মঙ্গলবার সকালেই শেষ প্রচার, ভোট ২৯৯ আসনে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। আইন অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ রাখতে হয়। গত ২২ জানুয়ারি শুরু হওয়া আনুষ্ঠানিক প্রচারপর্ব নির্ধারিত সময়েই শেষ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা বন্ধ হয়ে যাবে। এরপর নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবার সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত হওয়ায় ৩০০ আসনের পরিবর্তে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, দেশের ৪৯টি জেলায় ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেয়া হয়েছে। বাকি জেলাগুলোতেও সময়মতো ব্যালট পৌঁছে যাবে।
এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।
৩০০ আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে—২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে—৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি। ঢাকা-১২ আসনে সর্বাধিক ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর পিরোজপুর-১ আসনে সবচেয়ে কম—মাত্র ২ জন।
সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে বলে জানিয়েছে ইসি। নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে প্রায় ৯ লাখ সদস্য।
এ ছাড়া ৮১টি দেশীয় নিবন্ধিত সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তাদের মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয়ভাবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষকও নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
প্রচার শেষের সঙ্গে সঙ্গে দেশজুড়ে নির্বাচনী আমেজ থেকে প্রশাসনিক প্রস্তুতির পর্যায়ে প্রবেশ করবে পুরো প্রক্রিয়া। এখন সব নজর ভোটের দিনের দিকে।
সবার দেশ/কেএম




























