সকাল ১০টায় শুরু অনুষ্ঠান
শপথ নিতে আসছেন নবনির্বাচিত এমপিরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা। দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও তার আশপাশে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তাকর্মীদের তৎপরতা দেখা গেছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয় পেয়েছে ২০৯টি আসনে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।
রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিত সদস্যদের শপথই আগে পড়ানো হবে। সে অনুযায়ী সকাল ১০টায় বিএনপির এমপিরা প্রথমে শপথ নিচ্ছেন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য দলের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
শপথের পর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করবেন এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ত্রয়োদশ জাতীয় সংসদ।
সবার দেশ/কেএম




























