Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

জাতির উদ্দেশে ভাষণে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা

সব সিন্ডিকেট ভেঙে দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সব সিন্ডিকেট ভেঙে দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

সরকার গঠনের পর জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে রমজান মাসে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন—রাষ্ট্র ও সমাজের সব অনিয়ম-অনাচারের সিন্ডিকেট ভেঙে দেয়া হবে।

বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে দেয়া এ ভাষণ সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার।

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তিনি স্পষ্ট করে জানান, রাষ্ট্র পরিচালনায় কোনও অনিয়ম, দুর্নীতি বা প্রভাবশালী গোষ্ঠীর দৌরাত্ম্য বরদাশত করা হবে না। সকল ক্ষেত্রে বিদ্যমান অনাচার ও অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর।

রমজান মাস ঘিরে ব্যবসায়ীদের মধ্যে অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা দেখা যায় উল্লেখ করে তিনি সতর্ক করেন, পবিত্র এ মাসকে যেনো মুনাফার মৌসুমে পরিণত করা না হয়। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেয়া যেতে পারে বা ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষায় কী করা প্রয়োজন—এ বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের পরামর্শ ও অভিযোগ গ্রহণে সরকার প্রস্তুত রয়েছে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিনের দুর্নীতি ও দুঃশাসনের কারণে একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসনিক কাঠামো এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দিয়ে সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি দমনই হবে সরকারের প্রধান অগ্রাধিকার, যাতে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।

ভাষণে তিনি আরও বলেন, দেশের কোনো প্রতিষ্ঠান দলীয় বা রাজনৈতিক প্রভাব কিংবা জোরজবরদস্তির মাধ্যমে পরিচালিত হবে না। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।

রমজান উপলক্ষে ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এসব সেবার অপচয় রোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া বিএনপির সংসদীয় দলের প্রথম সভার সিদ্ধান্ত তুলে ধরে তিনি জানান, বিএনপি থেকে নির্বাচিত কোনও সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। একইসঙ্গে তিনি সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণকে কৃচ্ছতা সাধনের আহ্বান জানান।

সব মিলিয়ে ভাষণে বাজার নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ব্যয়সংযম—এ চারটি বিষয়কে নতুন সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা