রাজনীতিতে নতুন বিতর্ক ছুড়লেন সারোয়ার তুষার
‘আওয়ামী লীগ সফল বিএনপি, বিএনপি ব্যর্থ আওয়ামী লীগ’
জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সারোয়ার তুষার। তিনি বলেছেন, বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ আওয়ামী লীগ আসলে ভিন্ন কিছু নয়, বরং একই ধারার দুই সংস্করণ। তার ভাষায়, আওয়ামী লীগ হচ্ছে সফল বিএনপি, আর বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ।
তিনি বলেন, বিএনপি যা করতে চেয়েও পারেনি, সে পথেই সফলভাবে হেঁটেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন প্রাঙ্গণে আয়োজিত ‘সংবিধান ও সংস্কার: নতুন বাংলাদেশ নাকি পুরোনো ফ্যাসিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
আলোচনা সভায় বিএনপির অবস্থান নিয়ে কড়া সমালোচনা করে সারোয়ার তুষার বলেন, গণভোট সম্পন্ন হওয়ার পরও দলটি তা মেনে নিতে চাইছে না। তার অভিযোগ, গণভোট প্রত্যাখ্যানের জন্য বিএনপি ‘জুলাই সনদ’কে অজুহাত হিসেবে ব্যবহার করছে। তবে শেষ পর্যন্ত দলটি এ সনদও বাস্তবায়ন করবে না বলে তিনি মন্তব্য করেন।
সংবিধান প্রসঙ্গে বক্তব্য দেন মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে পুরোপুরি প্রতিফলিত করতে পারেনি। তার মতে, সাম্প্রতিক গণ-অভ্যুত্থান মূলত একাত্তরের চেতনা সংরক্ষণ এবং বাহাত্তরের সংবিধানের বিচ্যুতি সংশোধনের লক্ষ্যেই সংঘটিত হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির ভুল সিদ্ধান্ত শুধু দলটির জন্য ক্ষতিকর নয়, বরং আওয়ামী লীগবিরোধী ও ভারতবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকেও দুর্বল করে দেয়। এজন্য বিএনপির প্রতিটি ভুল তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, দেশে এমন এক পরিস্থিতি তৈরি হচ্ছে, যা স্বাধীনতা ও ন্যায়ের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিচার বিভাগ ও সংসদের মধ্যে সংঘাতের আশঙ্কাও তিনি তুলে ধরেন।
এদিকে, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন, দেশে ধীরে ধীরে ‘পারিবারিক রাজতন্ত্র’ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি বলেন, সংবিধানের কাঠামোর মধ্যেই সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জ জানানো হবে এবং পথ সংশোধনের আহ্বান জানান।
পুরো আলোচনা সভা জুড়ে সংবিধান সংস্কার, গণভোট, রাজনৈতিক সংস্কৃতি এবং ক্ষমতার কাঠামো নিয়ে তীব্র সমালোচনা উঠে আসে। বক্তাদের বক্তব্যে স্পষ্ট, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শুধু ক্ষমতার পরিবর্তন নয়, বরং কাঠামোগত সংস্কারের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।
সবার দেশ/কেএম




























