বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ
বিএনপি সরকার ইতোমধ্যে জনসমর্থন হারিয়ে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, গ্যাস, জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষ চরম অস্বস্তির মধ্যে রয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা জেলার একটি পার্টি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনার আমলে ১৭ বছরে গ্যাসের দাম যতটা বেড়েছিলো, বিএনপি সরকার মাত্র তিন মাসেই প্রায় সে পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। দ্রব্যমূল্য ও নিত্যপ্রয়োজনীয় সেবার ব্যয় বেড়ে যাওয়ায় জনগণের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এ কারণেই সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।
বিএনপির প্রশাসনিক দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এ নেতা। তিনি বলেন, দেশ পরিচালনা ও প্রশাসন ব্যবস্থাপনায় বিএনপির কোনও বাস্তব অভিজ্ঞতা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেয়ার পর দেশে মব সংস্কৃতি বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বাস্তবে মব বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ঘটনায় সরকারদলীয় লোকজনের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসছে। বিএনপি সরকার কখনোই রাষ্ট্র পরিচালনায় ভালো ছিলো না।
এনসিপির রাজনৈতিক সক্ষমতার কথা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, যে দল একটি পূর্ণাঙ্গ ছায়া বাজেট প্রণয়ন করতে পারে, তারা রাষ্ট্রীয় বাজেটও প্রণয়ন করার সক্ষমতা রাখে। জাতীয় নাগরিক পার্টি ইতোমধ্যে সে সক্ষমতা অর্জন করেছে। দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলার মতো কার্যকর কোনও রাজনৈতিক দল বর্তমানে নেই। জনগণের স্বার্থ রক্ষায় একমাত্র বিরোধী দলের ভূমিকা পালন করছে এনসিপি।
তিনি আরও বলেন, আমরা জনগণকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছি, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।
আগামী দিনে কুমিল্লাকে এনসিপির রোল মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে কুমিল্লাকে জাতীয় নাগরিক পার্টির অন্যতম শক্তিশালী ঘাঁটিতে পরিণত করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র সভাপতি তারিকুল ইসলামসহ কুমিল্লা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সবার দেশ/কেএম




























