প্রধানমন্ত্রীকে মির্জা আব্বাস
‘আপনার ভালো কাজ খারাপ লোকের কারণে নষ্ট হচ্ছে’
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দলের ভেতরের ষড়যন্ত্র এবং নেতা-কর্মীদের একটি অংশের কর্মকাণ্ড নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নেয়া বিভিন্ন ভালো উদ্যোগ ও কাজ কিছু মানুষের খারাপ কথাবার্তা ও কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মির্জা আব্বাস বলেন,
এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আরও হবে। আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, নিঃসন্দেহে আপনি অনেক উদার। তবে সবসময় সব জায়গায় বিষয়গুলো একইভাবে চলবে না। দলের বহু কর্মী ও নেতা আছেন, যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলেন। কিন্তু বাইরে গিয়ে তারা সে ভালো কথা বলেন না।
এ বিষয়ে প্রয়োজন হলে একান্তে প্রধানমন্ত্রীকে আরও বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস।
দলের ভেতরের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব বিষয়কে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে আরও সতর্ক ও সজাগ থাকার প্রয়োজন রয়েছে।
মির্জা আব্বাস বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাভাবিক মৃত্যু হয়নি। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, তার মৃত্যু স্বাভাবিক হলেও যেভাবে তিনি মৃত্যুবরণ করেছেন, সেটি দলের কারও কাম্য ছিলো না।
বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী অনেক প্রশংসনীয় কাজ করেছেন। তবে দলের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডের কারণে সেসব ভালো কাজের সুফল অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে।
তিনি বলেন,
ইতোমধ্যে বহু প্রশংসার কাজ আপনি করেছেন। কিন্তু বাস্তব কথা হলো—আপনার সব ভালো ভালো কাজ কিছু খারাপ লোকের খারাপ কথায়, খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীকে বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা আব্বাস। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এই দলকে আমি অনেক ভালোবাসি। প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৮ বছরে অনেক কিছু মিস করেছি, কিন্তু কখনও এ অনুষ্ঠান মিস করিনি। সে জায়গা থেকেই আজও এভাবে এখানে আসা।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের ভেতরে কে কী করছেন, সে বিষয়ে সঠিক তথ্য নেতৃত্বের কাছে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের সামনে সঠিক তথ্য উপস্থাপনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, ব্যক্তিগত স্বার্থ বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডের কারণে যেন দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দলের স্বার্থে ঐক্য ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
সবার দেশ/কেএম




























