স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। দ্রুত দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, দেশের জনগণের পাশে দাঁড়ানো একটি রাজনৈতিক দলের দায়িত্ব। সারাদেশে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও দখলদারিত্ব ও চাঁদাবাজি হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে হবে।
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলছেন। তিনি তার দায়িত্ব পালনে অলরেডি ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন।
নাহিদ ইসলামের ভাষ্য, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক নেই, তা এখন জনগণের সামনে স্পষ্ট। এ পরিস্থিতির জন্য তিনি বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেন।
তিনি বলেন, সরকার আগে বলেছিলো নির্বাচিত সরকার দায়িত্ব নিলে দেশে মব-সংস্কৃতি বন্ধ হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বিএনপি সরকার নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এ নেতা।
রাড্ডা ও সালমান মুক্তাদিরের স্টুডিও প্রসঙ্গ
সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে রাতের আঁধারে প্রায় তিন ঘণ্টা ধরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাজধানীর মতো জায়গায় এত সময় ধরে একটি প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চললেও প্রশাসন তা ঠেকাতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাটি ‘সরকারি ইন্ধন, রাষ্ট্রীয় মদদ ও দলীয় নেতাকর্মীদের প্রত্যক্ষ মদদে’ ঘটেছে বলে দাবি করেন নাহিদ ইসলাম। একই সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনাও তুলে ধরেন তিনি।
সালমান মুক্তাদিরের স্টুডিওর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। তার অভিযোগ, সেখানে একটি ফৌজদারি অপরাধ সংঘটিত হলেও প্রশাসন তা প্রতিরোধ বা বন্ধ করতে পারেনি। পরে ঘটনার জন্য ভুক্তভোগীকেই দায়ী করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
রাজধানীর বাইরেও নৈরাজ্যের অভিযোগ
শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন এলাকায়ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।
তিনি হবিগঞ্জে সিএনজি বা অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ এবং সাভারে একটি মাদরাসা দখলের চেষ্টার প্রসঙ্গ উল্লেখ করেন। তার দাবি, দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব ও সংঘাতের ঘটনা ঘটছে এবং সামগ্রিকভাবে এক ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, রাজধানীতে ঘটে যাওয়া ঘটনাগুলো গণমাধ্যমে বেশি আলোচিত হওয়ায় সামনে এসেছে। দেশের অন্যান্য এলাকাতেও একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে বলে দাবি করেন তিনি।
সবশেষে তিনি বলেন, এটার জন্য বর্তমান সরকার দায়ী। আমরা মনে করি, দ্রুত দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সম্ভব নয়।
সবার দেশ/এমকেজে




























