Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৪, ২৫ নভেম্বর ২০২৬

টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর

টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে টানা প্রায় ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এ সময়ে প্রতি ঘণ্টায় প্রায় ৩২০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। সব মিলিয়ে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা। মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে এ দফার পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা ছিলো। তবে নির্ধারিত সময়ের চেয়ে বেশি, প্রায় ৩০ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হয়।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দ্বিতীয় দফায় দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারা কেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। একই সঙ্গে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।

বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শেষ হওয়ার পর প্রথম ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে পরীক্ষামূলক পরিচালনার সময় সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বিশেষ করে কেন্দ্রটির পরিচালনসংক্রান্ত বিভিন্ন পরিমাপক, টারবাইন-জেনারেটর ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মক্ষমতা পর্যালোচনা করা হচ্ছে।

এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম ও পরীক্ষার ধাপ নির্ধারণ করা হবে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ার অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি বলেন, অপারেটর হিসেবে এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে।

এ অর্জনের সঙ্গে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ার সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী ও বিশেষজ্ঞদের অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট নির্মাণ করা হয়েছে, যেগুলো থেকে সম্মিলিতভাবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে দেশের জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ বাড়বে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির
যুক্তরাষ্ট্রে সমুদ্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জনের মৃত্যু
আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট
শিয়ালের হামলায় মারা গেলো বিজলী
মেডিক্যালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হবে চীন: ড. লিউ ইউইন
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকার শেরাটনে কিউএসের আয়োজন
তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা
১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল