থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও টিকটিক মকবুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের।
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘিরে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহে এসআরবি-১৪ কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। পরে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালতে তোলা হয়।
মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে আবুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তাকে পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেন অনেকে। এ ছাড়া বিএনপির কয়েকজন নেতাকর্মীও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আসছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন আবুল হাসান। ওই সময়ের রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন ঘটনায় তার ভূমিকা নিয়েও নানা আলোচনা ছিলো। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।
তবে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও টিকটিক মকবুল হত্যা মামলায় তার সংশ্লিষ্টতার বিষয়গুলো আদালতে বিচারাধীন।
সবার দেশ/এমকেজে




























