‘ওই নারী আমার স্ত্রী নন’, দাবি রনির
রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন—বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বিষয়টি অস্বীকার করেছেন গোলাম মাওলা রনি। তার দাবি, খবরে যে নারীকে তার স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি তার স্ত্রী নন; বরং সাতকানিয়ার এক জামায়াত নেতার সাবেক স্ত্রী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে এ দাবি করেন সাবেক এ সংসদ সদস্য।
ফটোকার্ডে লেখা ছিলো, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’। কার্ডটি শেয়ার করে গোলাম মাওলা রনি লেখেন,
এ মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকান প্রবাসী ইলিয়াসের আপনজন।
এর আগে কালবেলা, স্টার নিউজ, চ্যানেল আইসহ কয়েকটি গণমাধ্যমে গোলাম মাওলা রনির স্ত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন বলে খবর প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে ওই নারীর নাম ফারজানা আফরোজ উল্লেখ করা হয়। এনসিপি নেতাদের বরাত দিয়ে তার দলটিতে যোগ দেয়ার তথ্য প্রকাশ করা হয়েছিলো।
তবে প্রকাশিত খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে গোলাম মাওলা রনি ওই নারীকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেয়ার বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন। তার ফেসবুক পোস্টে ওই নারীর পরিচয় সম্পর্কে আরও কিছু দাবি করা হলেও সেসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
সবার দেশ/কেএম




























