Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ২৩ জানুয়ারি ২০২৬

নির্বাচনে জিতলে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো: মামুনুল হক

নির্বাচনে জিতলে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো: মামুনুল হক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে তিনি জীবন দিয়ে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। তিনি অভিযোগ করেন, পরাজিত একটি শক্তি চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে একাত্তরের বিপরীতে দাঁড় করানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় ইসলাম ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, চব্বিশের নেতৃত্ব এবং বাংলাদেশের ইসলাম ও দেশপ্রেমিক শক্তি দেশ পাহারা দেওয়ার জন্য ১০ দলীয় নির্বাচনী ঐক্য গড়ে তুলেছে। ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলাই এ ঐক্যের লক্ষ্য।

তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা, ২০১৩ সালের শাপলা চত্বর এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারকে সঙ্গে নিয়ে ঢাকা-১৩ আসনকে নতুনভাবে সাজানো হবে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বললেও আড়ালে ‘না’ ভোটের পক্ষে কাজ করছে। এ দ্বিচারিতা ও মুনাফেকির রাজনীতি জাতিকে বিভক্ত করার অপচেষ্টা মাত্র। তবে এসব ষড়যন্ত্র দিয়ে আগামীর বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না বলে তিনি মন্তব্য করেন। মুনাফেকি ও ভাঁওতাবাজির রাজনীতি দিয়ে জাতির কাঙ্ক্ষিত মুক্তি অর্জন সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

মোহাম্মদপুরের আদাবর ও শেরেবাংলা নগর এলাকা সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে মামুনুল হক বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আত্মপ্রত্যয়ী শক্তির ঐক্য গড়ে উঠেছে। রিকশা প্রতীক নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ঢাকা-১৩ আসনে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। বিভেদের রাজনীতির দিন শেষ হয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের সূচনা হবে ইনশাআল্লাহ। আমরা যা বলবো, তা জীবন দিয়ে বাস্তবায়ন করবো।

জনসভায় এনসিপির যুগ্ম সদস্য সচিব হাফেজ আকরাম হুসাইন বলেন, মামুনুল হকের সঙ্গে তিনি একসঙ্গে রিমান্ডে ছিলেন এবং নিজ চোখে তার ওপর নির্যাতনের চিত্র দেখেছেন। ঢাকা-১৩ আসনে তাকে প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন ১২ তারিখে মামুনুল হককে বিজয়ী করবেন। তিনি বলেন, মামুনুল হক এমন একজন মানুষ, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়।

১০ দলীয় নির্বাচনী লিয়াজোঁ কমিটির আহ্বায়ক মুফতি আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং মাওলানা নাঈমুল হক আজিজি, মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা আল আবিদ শাকিরের যৌথ সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসাইন মিয়াজী, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য ডা. শফিউর রহমান, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন, খেলাফত মজলিস ঢাকা মহানগরের সদস্য মোতালেব খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, শাপলা চত্বরের শহীদের পিতা বাচ্চু মিয়া, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদের পিতা ফিরোজসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: হাসনাত আবদুল্লাহ
ক্ষিপ্ত মহিষের আক্রমণে প্রাণ গেলো ২ জনের
কোরবানির চামড়া নিয়ে বিপর্যয়ের শঙ্কা
‘গোপন অস্ত্র’ দিয়ে শত্রু ড্রোন ধ্বংসের দাবি ইরানের
ফাঁস হওয়া কলে মাসে ৫০ হাজা ‘মাসোহারা’ দাবি দারোগার
হোয়াইট হাউসের চাপেই পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড
বেনাপোলে ইউনুস হত্যায় সোহেল রানা আটক
নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলা ‘অশোভনীয়’: আইনমন্ত্রী
‘শেষ হয়ে যায়নি আওয়ামী লীগ, আগামী নির্বাচনেই অংশ নিবে’
লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন
‘নয়ন ভরা জল গো তোমার’ গেয়ে ভাইরাল ফরিদপুরের ‘লাইলী খালা’
কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা
শতকোটিপতি ক্লাবে মেসির ঐতিহাসিক প্রবেশ
ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে: হিমি
হজ পালন করতে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু
মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গুলিবর্ষণ