‘নকল’ শাকিরা! উদ্বোধনী মঞ্চে রহস্যময় উপস্থিতি ঘিরে তোলপাড়
অবশেষে শুরু হয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব ২০২৬ ফিফা বিশ্বকাপ। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে কোটি মানুষের প্রতীক্ষিত এ আসরের। তবে উদ্বোধনী ম্যাচের উত্তেজনাকেও যেনো ছাপিয়ে গেছে এক ভিন্ন আলোচনা। আর সে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন কলম্বিয়ান এ গায়িকা। কিন্তু পারফরম্যান্স শেষ হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায শুরু হয় তুমুল বিতর্ক। অনেক ভক্তের দাবি, মঞ্চে যাকে দেখা গেছে তিনি আসল শাকিরা নন, বরং তার মতো দেখতে কোনও ‘বডি ডাবল’ বা রূপধারী শিল্পী!
এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ (এগিয়ে চলো)। গানটিতে নাইজেরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী বার্না বয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাকিরা। উদ্বোধনী অনুষ্ঠানে এ গান পরিবেশন করতেই হাজির হন তিনি। তবে গান নয়, দর্শকদের নজর কাড়ে তার সম্পূর্ণ ভিন্নধর্মী উপস্থিতি।
দীর্ঘদিন ধরে ভক্তরা শাকিরাকে যেভাবে দেখে অভ্যস্ত, এবার যেনো তার সঙ্গে কোনও মিলই খুঁজে পাননি অনেকেই। অনুষ্ঠানে তার পরনে ছিলো উজ্জ্বল হলুদ রঙের পোশাক, সাদা শর্টস এবং প্ল্যাটফর্ম স্নিকার্স। সবচেয়ে বড় পরিবর্তন ছিলো চুলে। চিরচেনা সোনালি চুলের বদলে তাকে দেখা যায় হালকা স্ট্রবেরি রেড রঙের নতুন হেয়ারস্টাইলে।
এর পাশাপাশি তিনি পরেছিলেন বড় আকৃতির কালো সানগ্লাস, যা তার মুখের একটি বড় অংশ ঢেকে রেখেছিলো। আর এ ভিন্ন লুকই সন্দেহের জন্ম দেয় ভক্তদের মধ্যে।
সোশ্যাল মিডিয়া এক্স, ইনস্টাগ্রাম ও টিকটকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে নানা ধরনের মন্তব্য। কেউ প্রশ্ন তুলেছেন, সত্যিই কি তিনি শাকিরা ছিলেন? আবার কেউ দাবি করেছেন, মঞ্চে থাকা ব্যক্তির চোখের চাহনি, মুখাবয়ব এবং শরীরী ভাষা মোটেও শাকিরার মতো ছিলো না।
এক ভক্ত লিখেছেন,
আমি কি একাই ভাবছি, নাকি সত্যিই ওটা শাকিরা ছিলো না? আমার তো মোটেও তাকে শাকিরা মনে হয়নি।
আরেকজন মন্তব্য করেন, ওরা কি বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার বডি ডাবল নিয়ে এসেছে?
কেউ কেউ আবার রসিকতা করে লিখেছেন, শাকিরা কোথায়? ওনার মতো দেখতে কাউকে এনে পারফর্ম করানো হয়েছে নাকি?
তবে এসব জল্পনা-কল্পনার পক্ষে কোনও প্রমাণ এখনও সামনে আসেনি। আয়োজক কিংবা শাকিরার পক্ষ থেকেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ফলে বিষয়টি আপাতত ভক্তদের কৌতূহল আর সোশ্যাল মিডিয়ার আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
বিতর্কের বাইরে গেলে এ পারফরম্যান্স শাকিরার ব্যক্তিগত জীবনের দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ। সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বহুল আলোচিত বিচ্ছেদের পর এটিই তার অন্যতম বড় আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন। গত কয়েক বছরে ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন, সম্পর্ক ভাঙনের কষ্ট এবং নতুন করে নিজেকে গড়ে তোলার গল্প বারবার উঠে এসেছে তার গান ও বক্তব্যে।
‘দাই দাই’ গানটিতেও সে বার্তাই স্পষ্ট। গানটির একটি উল্লেখযোগ্য লাইনে বলা হয়েছে, যা একসময় তোমাকে ভেঙে দিয়েছিলো, সেটিই তোমাকে আরও শক্তিশালী করেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ গান নিয়ে কথা বলতে গিয়ে আবেগঘন কণ্ঠে শাকিরা বলেন, জীবন আমাকে যতটা শক্তিশালী হিসেবে তুলে ধরেছে, আমি নিজেকে সবসময় তার চেয়ে বেশি ভঙ্গুর মনে করেছি। কিন্তু প্রতিটি অভিজ্ঞতা মানুষকে কিছু না কিছু শেখায়। সে শিক্ষার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, এমনকি যারা আমাদের কষ্ট দিয়ে চলে গেছে তাদের প্রতিও। কারণ তারাই শেষ পর্যন্ত আমাদের আরও পরিণত এবং শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলে।
তাই বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরার উপস্থিতি যতটা ছিলো সংগীতের, ততটাই ছিলো নতুনভাবে ঘুরে দাঁড়ানোর এক প্রতীকী বার্তা। তবে তার নতুন লুকের রহস্য যে এত দ্রুত বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠবে, তা হয়তো নিজেও কল্পনা করেননি এ বিশ্বখ্যাত পপ তারকা।
সবার দেশ/কেএম




























