খুললেই ঘটতে পারতো বিস্ফোরণ
মেট্রো স্টেশনের নিচে ছাতায় লুকানো পাইপ বোমা উদ্ধার
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা পাইপ বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বোমাটি এমনভাবে প্রস্তুত করা হয়েছিলো যে, কেউ ছাতাটি খুলতে গেলেই বিস্ফোরণ ঘটতে পারতো। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদে নিষ্ক্রিয় করায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে মতিঝিলের শাপলা চত্বরসংলগ্ন মেট্রো স্টেশনের নিচের সড়কে একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান পথচারীরা। ছাতাটি দীর্ঘ সময় একই স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বিশেষ সরঞ্জামের মাধ্যমে ছাতাটি পরীক্ষা করে। প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে সেখানে পেট্রোল বোমা রাখা হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশ নিশ্চিত হয়, এটি কোনও পেট্রোল বোমা নয়; বরং ছাতার ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা একটি পাইপ বোমা।
পুলিশ সূত্র জানায়, বোমাটি এমনভাবে স্থাপন করা হয়েছিলো যে ছাতা খোলার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটতে পারতো অর্থাৎ এটি ছিলো এক ধরনের ফাঁদ, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারতো।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ওই এলাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করার পর পরিস্থিতি স্বাভাবিক হলে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, দ্রুত পদক্ষেপ নেয়ার কারণে সম্ভাব্য প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং কারা কী উদ্দেশ্যে বিস্ফোরকটি সেখানে রেখেছিলো, তা শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ বলছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি ঘটনাটি নাশকতার কোনও পরিকল্পনার অংশ ছিলো কি না, তাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনাকে কেন্দ্র করে মতিঝিল ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। জনসাধারণকে সন্দেহজনক কোনো বস্তু বা পরিত্যক্ত ব্যাগ, প্যাকেট কিংবা অন্যান্য সামগ্রী দেখলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।
সবার দেশ/কেএম




























