Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৮, ২৮ জুন ২০২৬

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

তুরাগে ‘সাত লাশ’ উদ্ধারের দাবি গুজব: ডিএমপি

তুরাগে ‘সাত লাশ’ উদ্ধারের দাবি গুজব: ডিএমপি
ছবি: সংগৃহীত

তুরাগ নদে সাতটি লাশ উদ্ধারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

রোববার (২৮ জুন) রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, সোশ্যাল মিডিয়ায় জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে অপতথ্য ছড়ানো হচ্ছে। তবে ডিএমপির আওতাধীন এলাকায় তুরাগ নদ থেকে সাতটি লাশ উদ্ধারের মতো কোনও ঘটনা ঘটেনি।

তিনি বলেন, কোনও তথ্য যাচাই না করে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা থেকে সবাইকে বিরত থাকা উচিত। দায়িত্বশীল আচরণের মাধ্যমে জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি এড়াতে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে একই দিন বিকেলে পৃথক এক ব্রিফিংয়ে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, আওয়ামী লীগের একটি মিছিল থেকে সাতজন নিখোঁজ হওয়ার যে দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে, সেটিও সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি স্বার্থান্বেষী মহল এসব অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

পুলিশ সুপার বলেন, জনগণকে বিভ্রান্ত করতে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মনগড়া তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে। এসব গুজবে বিশ্বাস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপপ্রচার ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগের মিছিল থেকে সাতজন নিখোঁজ হওয়ার বিষয়ে পুলিশের কাছে কোনও তথ্য বা অভিযোগ নেই। পাশাপাশি সুমন ও রনি নামে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কথিত নিখোঁজের দাবির সঙ্গে যুক্ত করারও কোনও ভিত্তি নেই। তাদের মৃত্যু ভিন্ন কারণে হয়েছে এবং এ দুটি ঘটনার মধ্যে কোনও সম্পর্ক পাওয়া যায়নি।

এর আগে শনিবার পুলিশ সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’—এমন শিরোনামে সোশ্যাল মিডিয়ায় যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ ধরনের কোনও ঘটনার তথ্য নেই বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়।

পুলিশের পক্ষ থেকে আবারও সাধারণ জনগণকে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনও তথ্য বিশ্বাস বা প্রচারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গেট খুলেছে ভারত, তিস্তাপাড়ে বন্যার শঙ্কা
চুম্বনের দৃশ্যে ‘কাট’-এর পরও থামেননি কঙ্গনা?
তিস্তা মহাপরিকল্পনার কাজ চলতি অর্থবছরেই শুরু: পানিসম্পদমন্ত্রী
বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার ৯ দেশ নকআউটে
হেলিকপ্টার বিধ্বস্তে সৌদিতে নিহত ১৪
তুরাগে ‘সাত লাশ’ উদ্ধারের দাবি গুজব: ডিএমপি
শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফ্রি-কিকে মেসির জাদুকরী গোল
দ্বিতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা
আজ সারা দেশে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন
ব্রাজিলের কাছে ক্ষমা চেয়ে জাপান কোচ বললেন ‘আর্জেন্টিনাই সেরা’
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ‘মামলার ব্যবসা’ করছেন: রুমিন ফারহানা
ভেনিজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫৮৯
সমর্থকদের সঙ্গে ফুটবল খেললেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত