বার্সেলোনা নয়, আমরাই সেরা: পিএসজি
ম্যানচেস্টার সিটির পর এবার বার্সেলোনাকেও হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে প্যারিস সাঁ-জার্মাঁ (পিএসজি)। মৌসুমের শুরু থেকে অপরাজিত থাকা বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে দারুণ উচ্ছ্বসিত ফরাসি ক্লাবটি। এ জয়ের পর পিএসজিকে বিশ্বের অন্যতম সেরা দল, এমনকি বর্তমান সময়ের সেরা দল বলেও দাবি করেছেন মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি।
ম্যাচ শেষে সিবিএস স্পোর্টসকে হাকিমি বলেন, এমন দলের বিপক্ষে খেললে নিজেদের সামর্থ্য ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করার তাগিদ থাকে। তাদের লক্ষ্য শুধু জয় পাওয়া নয়, বরং দেখিয়ে দেয়া যে পিএসজিও বিশ্বের অন্যতম সেরা দল এবং এ মুহূর্তে হয়তো সবার সেরা।
তিনি বলেন, এমন একটি দলের বিপক্ষে খেললে আপনি তাদের দেখিয়ে দিতে চাইবেন, আমরাই চ্যাম্পিয়ন। আমরা আরও জিততে চাই। আমরা দেখাতে চাই, আমরাও বিশ্বের অন্যতম সেরা দল, এমনকি এ মুহূর্তে হয়তো সেরা দল।
বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি যে সহজ ছিলো না, তা স্বীকার করেছেন হাকিমি। ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোকে তিনি বলেন, তারা জানতেন ম্যাচটি কঠিন হবে। কারণ, প্রতিপক্ষ ছিলো বিশ্বের অন্যতম সেরা একটি দল, যারা চলতি মৌসুমে তখনো হারেনি। তবে নিজেদের দলের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তারা।
হাকিমির ভাষায়,
আমরা জানতাম, ম্যাচটি খুব কঠিন হবে। আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হয়েছিলাম, যারা এ মৌসুমে এখনও হারেনি। কিন্তু আমাদের দলটি অসাধারণ।
ম্যাচে বার্সেলোনা দুবার ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় পিএসজি। হাকিমির মতে, প্রতিকূল পরিস্থিতিতেও দলের খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা এবং মাঠের নৈপুণ্যই জয়ের ব্যবধান গড়ে দিয়েছে।
পিএসজি কোচ লুইস এনরিকের ভূমিকাও আলাদাভাবে তুলে ধরেছেন মরক্কোর এ ডিফেন্ডার। তার মতে, প্রতিদিন খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধা, আত্মবিশ্বাস ও সঠিক মানসিকতা ধরে রাখতে কাজ করছেন কোচ। বড় ম্যাচে সে প্রস্তুতি ও মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে।
বার্সেলোনার বিপক্ষে এ জয় পিএসজির আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। তবে হাকিমিদের লক্ষ্য কেবল বড় দলকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা নয়; চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাই তাদের মূল লক্ষ্য।
সামনের ম্যাচগুলোতেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চান হাকিমি। তার বিশ্বাস, দলের বর্তমান নৈপুণ্য, সম্মিলিত প্রচেষ্টা এবং জয়ের মানসিকতা বজায় থাকলে ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে পারবে পিএসজি।
সবার দেশ/কেএম




























