Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:৫৯, ৯ নভেম্বর ২০২৬

শ্রীলঙ্কা-ভুটান ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কা-ভুটান ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্নপূরণের পথে আরও একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। রোববার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কা ও ভুটানের লড়াই ২-২ গোলে ড্র হওয়ায় বাংলাদেশের শেষ চারে ওঠার পথ নিশ্চিত হয়।

জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে শ্রীলঙ্কা। তবে প্রথম গোলের দেখা পায় ভুটান। ম্যাচের ৩৪ মিনিটে অধিনায়ক চ্যানচো গ্যালেস্টাইনের একক প্রচেষ্টায় তৈরি আক্রমণ থেকে বল পেয়ে কিংগা ওয়াংচুকের গোলে এগিয়ে যায় ভুটান।

তবে সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হজমের এক মিনিটের মধ্যেই সমতায় ফেরে শ্রীলঙ্কা। অলিভার জেমসের দূরপাল্লার শটে পরাস্ত হন ভুটানের গোলরক্ষক। প্রথমার্ধের শেষ দিকে সংঘবদ্ধ আক্রমণ থেকে ওয়াসিম রাজ্জাকের হেডে আবারও এগিয়ে যায় শ্রীলঙ্কা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ভুটান। ৬৭ মিনিটে পেনাল্টি পায় দলটি। কিন্তু অধিনায়ক চ্যানচো গ্যালেস্টাইনের নেয়া শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তবে ৭৬ মিনিটে সে পেরেরার ভুলেই সমতায় ফেরে ভুটান। বক্সের বাইরে থেকে নেয়া শট ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। ফিরতি বল পেয়ে দুর্দান্ত শটে গোল করেন চ্যানচো গ্যালেস্টাইন। ফলে ২-২ গোলে সমতায় ফেরে ম্যাচ।

শেষ দিকে দুই দলই জয়সূচক গোলের চেষ্টা চালায়। ৯০ মিনিটে শ্রীলঙ্কার এক ফরোয়ার্ড ভুটানের বক্সে ফাউলের শিকার হলেও পেনাল্টির আবেদন গ্রহণ করেননি রেফারি। যোগ করা সময়ে ভুটানের গোলরক্ষকের অসাধারণ সেভে শেষ পর্যন্ত সমতায় শেষ হয় ম্যাচ।

এ ড্রয়ের ফলে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। ভুটান দুই ম্যাচে এক পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে শ্রীলঙ্কা এক ম্যাচে পেয়েছে এক পয়েন্ট। প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

গ্রুপের শেষ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে হারলেও সেমিফাইনালে যেতে বাধা নেই স্বাগতিকদের। কারণ, এক ম্যাচ শেষে পাওয়া তিন পয়েন্টই তাদের শেষ চার নিশ্চিত করার জন্য যথেষ্ট।

অন্যদিকে শ্রীলঙ্কার সামনে রয়েছে গ্রুপ রানার্সআপ হওয়ার সুযোগ। বাংলাদেশের বিপক্ষে ড্র করতে পারলেই তাদের সেমিফাইনাল নিশ্চিত হবে। ভুটানের ভাগ্য নির্ভর করছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর। বাংলাদেশের বড় ব্যবধানের জয় ভুটানের শেষ চারে ওঠার সম্ভাবনা তৈরি করতে পারে।

২০০৩ সালে নিজেদের মাঠে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলো বাংলাদেশ। এবার ঘরের মাঠে সে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় সে স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলো স্বাগতিক দল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী
যে শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট
না.গঞ্জ এনসিপির নেতৃত্বে বিএনপির সাবেক এমপিকন্যা মুক্তি
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, ২১ জনের মৃত্যু
জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ
একদিনের ছুটিতেই টানা ৪ দিন অবকাশ
পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত
শ্রীলঙ্কা-ভুটান ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
দীপাবলি উপলক্ষে সোমবার বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
ভারতে ঢোকার অপেক্ষায় ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু
চাটাচাটি করে পদ না পেলে রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো: রাশেদ খাঁন প্রসঙ্গে আমির হামজা
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু