৬ হাজার ৪৭৬ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বর্তমানে দেশে ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬ জন।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মশিউর রহমান খানের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উঠে আসে।
মন্ত্রী জানান, বিভিন্ন সময়ে পাওয়া অভিযোগের ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করা হয়েছে। এ প্রক্রিয়ায় এখন পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জনের গেজেট বাতিল করা হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক ও নির্ভুল তালিকা প্রণয়নের কাজও সরকার অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিচ্ছে।
নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে আহমেদ আযম খান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। তবে রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।
মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ভুল করার প্রক্রিয়া সম্পর্কে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ইতিমধ্যে একাধিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, আরও সভা ও বৈঠকের আয়োজন করে সেখান থেকে পাওয়া সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা তৈরির কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে। সরকারের বিশ্বাস, এ প্রক্রিয়ায় নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক তালিকা প্রস্তুত করা সম্ভব হবে।
একই বিষয়ে সংসদ সদস্য মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবেও মন্ত্রী জানান, নির্ভুল তালিকা প্রণয়নের কৌশল নির্ধারণে গোলটেবিল বৈঠক করা হয়েছে। পরবর্তী সময়ে আরও আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে সুপারিশ সংগ্রহ করে তালিকা তৈরির পদ্ধতি চূড়ান্ত করা হবে।
এদিকে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সুবিধা বাড়ানোর উদ্যোগ নেয়ার কথাও সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে তিনি বলেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের ধারাবাহিকতায় নতুন একটি প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন পেলে আরও ২৫ হাজার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য আবাসন বরাদ্দ দেয়া সম্ভব হবে বলে জানান তিনি। মন্ত্রীর ভাষ্য, আগের পর্যায়ে জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসন সুবিধা পাননি। এ ধরনের সমস্যা এড়াতে এবার নিজস্ব নির্ধারিত জমি রয়েছে, এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে।
এতে নির্ধারিত জমিতে বাড়ি নির্মাণ এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছানো সহজ হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছর থেকেই আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী।
সংসদে দেয়া তথ্যে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের চিকিৎসাসহায়তার বিষয়টিও তুলে ধরা হয়। নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীরা উপজেলা পর্যায়ের হাসপাতালে বছরে সর্বোচ্চ ১০ হাজার, জেলা পর্যায়ের হাসপাতালে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ের হাসপাতালে ৩০ হাজার টাকা চিকিৎসাসহায়তা পাবেন।
বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় বছরে সর্বোচ্চ এক লাখ টাকা এবং জটিল রোগের চিকিৎসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেয়া হচ্ছে।
অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী বা স্বামীর চিকিৎসার জন্য উপজেলা পর্যায়ে বছরে সর্বোচ্চ ১০ হাজার, জেলা পর্যায়ে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকা সহায়তার ব্যবস্থা রয়েছে। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় সর্বোচ্চ ৫০ হাজার এবং জটিল রোগের চিকিৎসায় দুই লাখ টাকা পর্যন্ত সহায়তা দেয়া হয়। মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসহায়তা ও সামাজিক নিরাপত্তাসুবিধা আরও সম্প্রসারণের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
এ ছাড়া কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হয়েছে। সেখানে গ্রন্থাগারের ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সংরক্ষণ এবং স্মৃতি জাদুঘর নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব জাদুঘর স্থানীয় পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণের সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সবার দেশ/কেএম




























