Sobar Desh | সবার দেশ বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বরগুনার তালতলীর একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা ১৩ জেলের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সাগরে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার।

নিখোঁজ দুই জেলে হলেন তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. রাকিব (১৯) এবং নিশানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া এলাকার হরমুজ আলী হাওলাদারের ছেলে মো. নবী হোসেন (৪৫)।

উদ্ধার হওয়া ১১ জেলের মধ্যে ছয়জন তালতলী উপজেলার, চারজন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এবং একজন খুলনা জেলার বাসিন্দা।

জানা গেছে, তালতলীর বড়বগী ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার আল-আমিন ও গোলাম রাব্বির যৌথ মালিকানাধীন ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামের ট্রলারটি গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১৩ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়।

সোমবার সাগর উত্তাল হয়ে আবহাওয়া খারাপ হলে জেলেরা উপকূলে ফিরতে শুরু করেন। মঙ্গলবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।

দুর্ঘটনার পর সাগরে ভাসতে থাকা ১১ জেলেকে অন্য একটি মাছ ধরার ট্রলার এগিয়ে এসে জীবিত উদ্ধার করে। পরে তারা ওই ট্রলারে করে নিরাপদে উপকূলে ফিরে আসেন। তবে কেবিনে থাকা দুই জেলের এখনও সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের মালিক মো. আল-আমিন বলেন, 

প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি হঠাৎ উল্টে যায়। আমরা ১১ জন সাঁতরে বের হতে পারলেও ভেতরের কেবিনে দুজন আটকে পড়েন। পরে সাগরে ভাসতে থাকা অবস্থায় অন্য একটি ট্রলার আমাদের দেখতে পেয়ে উদ্ধার করে। তবে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। উদ্ধার হওয়া জেলেদেরও খোঁজখবর রাখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা