আটক ৭
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
বরিশাল নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা একটি ব্যানার নিয়ে একদল তরুণ সড়কে মিছিল করছেন। এ সময় তাদের ‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’ এবং ‘ঘরে ঘরে বলে দে, শেখ হাসিনা আসতেছে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়।
মিছিলকারীদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিলো। তারা সংগঠিতভাবে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল করেন। ব্যানারে শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের ছবিও দেখা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল। সেখানে অভিযান চালিয়ে মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। এ নিয়ে ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়, মিছিলের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং ঘটনার সময় তাদের ভূমিকা যাচাই করছে পুলিশ। মিছিলটি কীভাবে সংগঠিত করা হয়েছিলো এবং এতে আরও কারা জড়িত ছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, মিছিলটি বরিশাল মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের নির্দেশে হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কারও বিরুদ্ধে এমন অভিযোগ নিশ্চিত করা হয়নি।
কোতোয়ালী মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের মিছিলের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কোনও ধরনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন কর্মসূচির বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সবার দেশ/কেএম




























