Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ২ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৩৬, ২ নভেম্বর ২০২৬

কর্মস্থল ছেড়েছেন লাখো শ্রমিক

শ্রমিক বিক্ষোভে ৫২৯ কারখানায় ছুটি ঘোষণা

শ্রমিক বিক্ষোভে ৫২৯ কারখানায় ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে অস্থির হয়ে উঠেছে দেশের প্রধান তৈরি পোশাকশিল্প অঞ্চলগুলো। শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির মুখে ঢাকা, গাজীপুর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ৫২৯টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কয়েক লাখ শ্রমিক কাজ না করে কারখানা থেকে বেরিয়ে গেছেন। এতে তৈরি পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) এক বিজ্ঞপ্তিতে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতির এ চিত্র তুলে ধরা হয়।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, দেশের পাঁচটি শিল্পাঞ্চলে মোট কারখানার সংখ্যা ২ হাজার ১৩৪টি। এর মধ্যে রোববার ১ হাজার ৮১৬টি কারখানায় উৎপাদন কার্যক্রম চালু ছিলো। শ্রম অসন্তোষের কারণে বন্ধ ছিলো ৩১৮টি কারখানা। তবে বিভিন্ন এলাকায় সাধারণ ছুটি ও অন্যান্য কারণে বন্ধ ঘোষিত কারখানাসহ মোট বন্ধ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৫২৯টিতে।

এলাকাভিত্তিক হিসাবে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এলাকার ৩২০টি কারখানার মধ্যে মিরপুরে বন্ধ রয়েছে ৬৮টি। এসব কারখানা থেকে কাজ না করেই বেরিয়ে গেছেন ৫১ হাজার ৬২৫ জন শ্রমিক।

গাজীপুর ও ময়মনসিংহ শিল্পাঞ্চলের ৮৩৬টি কারখানার মধ্যে বন্ধ রয়েছে ২২৫টি। এ দুই এলাকার বিভিন্ন কারখানায় কর্মরত ৫ লাখ ২৫ হাজার ৩৬০ জন শ্রমিক কাজ না করে কর্মস্থল ছেড়েছেন।

অন্যদিকে সাভার-আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলের ৪৪১টি কারখানার মধ্যে বন্ধ রয়েছে ২৫টি। এসব এলাকায় কর্মস্থল ছেড়ে বেরিয়ে গেছেন ১ লাখ ২৫ হাজার ২৭০ জন শ্রমিক।

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি

রোববার সকাল থেকেই ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা, গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে বিভিন্ন স্থানে প্রধান সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। এতে সংশ্লিষ্ট এলাকার যান চলাচল ও শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

আন্দোলনরত শ্রমিকদের ভাষ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সে তুলনায় তাদের আয় বাড়েনি। বর্তমান বেতনে বাড়িভাড়া, খাবার, চিকিৎসা, সন্তানদের পড়াশোনাসহ পরিবারের অন্যান্য খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। ফলে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের অভিযোগ, কারখানায় নিয়োগের ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছেন পুরুষ শ্রমিকেরা। তাদের দাবি, নিয়োগের ক্ষেত্রে নারী শ্রমিকদের বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। এতে পুরুষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। মজুরি বৈষম্য ও নিয়োগসংক্রান্ত অসন্তোষসহ বিভিন্ন কারণে তারা আন্দোলনে নেমেছেন বলে জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী

শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে শিল্পাঞ্চলগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা পুলিশ, মহানগর পুলিশ, শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে যৌথ দল কাজ করছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর জেলা ও মহানগরের প্রায় ১০০টি কারখানায় রোববারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, কারখানা বন্ধ এবং বিপুলসংখ্যক শ্রমিকের কর্মস্থল ত্যাগের ঘটনায় তৈরি পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবি নিয়ে অসন্তোষের পাশাপাশি কারখানার নিরাপত্তা এবং স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালু রাখাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তাহসিফ হত্যাকাণ্ড তদন্তে রহস্যময় গোলকধাঁধা
আন্দোলন চললে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
পানি না এলে ভারতের পণ্যও আসবে না: নাহিদ ইসলাম
চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
গার্মেন্টস অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক শব্দ, জানালেন রহস্য!
স্বরাষ্ট্রমন্ত্রীর জুলাই সনদ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা মন্ত্রণালয়ের
ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে মিল্টন-জাহাঙ্গীর
চুয়েটে ক্লাস শুরুর ৬ দিনের মাথায় ফের শাটডাউন
মণিপুরে ভয়াবহ জাতিগত সংঘাত, নিহত ৫
শ্রমিক বিক্ষোভে ৫২৯ কারখানায় ছুটি ঘোষণা
কাতারের এলএনজি ট্যাংকারে হামলা, হরমুজ খুলতে ইরানের ৭ শর্ত
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি
মিরপুরে নাশকতার সমন্বয়ক ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ: ডিবি
শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন
এপস্টেইন কাণ্ডে ট্রাম্পের আইনি পরাজয়